© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের নিষিদ্ধ হলেন মরিনহো

শেয়ার করুন:
ফের নিষিদ্ধ হলেন মরিনহো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ পিএম | ১৩ মার্চ, ২০২৬
কয়েকদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়েছিল বেনফিকা। কিন্তু সাবেক লস ব্লাঙ্কোস কোচ হোসে মরিনিয়ো প্রতিপক্ষ শিবিরের হয়ে সেখানে যেতে পারেননি। রেফারির সমালোচনা করায় বেনফিকা কোচ প্লে-অফের ফিরতি লেগে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। অবশ্য এমন শাস্তি পেয়ে অভ্যস্ত মরিনিয়ো। এবার পর্তুগালের ঘরোয়া লিগেও তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

গত রোববার পর্তুগিজ ক্লাসিকোতে পোর্তোর মুখোমুখি হয়েছিল বেনফিকা। প্রিমেইরা লিগের সেই ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। ৯১ মিনিটে প্রতিপক্ষ পোর্তোর বেঞ্চের দিকে বল কিক মেরে বসেন মরিনিয়ো। ওই সময় তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দলটির সহকারী কোচ লুইস গঞ্জালেসের। যার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন বেনফিকা কোচ। পরবর্তীতে পর্তুগিজ সকার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল বেনফিকার পরবর্তী দুই ম্যাচে মরিনিয়োকে নিষিদ্ধ করেছে।



এপি’র প্রতিবেদনে বলা হয়, মূলত দলের গোল উদযাপনের অংশ হিসেবে স্ট্যান্ডের দিকে বল কিক মারতে চেয়েছিলেন মরিনিয়ো। কিন্তু সেটি গিয়ে পড়ে প্রতিপক্ষ পোর্তো বেঞ্চের দিকে। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিতর্ক হতোই। পোর্তোর সহকারী কোচের সঙ্গে বাদানুবাদের দায়ে ১১ দিনের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনিয়ো। ওই সময়ে বেনফিকার একটি ম্যাচ আছে, পাশাপাশি আরেক ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে পর্তুগিজ সকার ফেডারেশন।

প্রথম নিষেধাজ্ঞার কারণে আগামী শনিবার বেনফিকার ম্যাচে থাকতে পারবেন না মরিনিয়ো। আর পরবর্তী ১১ দিনের মাঝে ২১ মার্চ ম্যাচ রয়েছে ক্লাবটির। পর্তুগিজ গণমাধ্যম বলছে, মরিনিয়োকে দেওয়া শাস্তি একসঙ্গে কার্যকর হবে না। প্রথমটি ম্যাচের হিসাবে, আর পরেরটি পড়েছে ১১ দিনের মাঝে। তবে শাস্তির এই সিদ্ধান্তকে ‘অনুপযুক্ত ও অন্যায্য’ বলে উল্লেখ করেছেন মরিনিয়ো।

বৃহস্পতিবার বেনফিকা সেই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন