বাংলাদেশকে বিশাল সুখবর দিলেন হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত
০৭:৩৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
হাঁটুর চোটে পড়েছিলেন হামজা চৌধুরী। যে কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন হামজা, চোট কাটিয়ে সেরে উঠেছেন তিনি। এই মাসের শেষে ভিয়েতনামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে যোগ দিতে পারবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
গত ৩১ জানুয়ারি ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়েন হামজা। এরপর থেকে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের জার্সিতে ইংলিশ বংশোদ্ভূত ফুটবলারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
তবে ফেব্রুয়ারিতে ছয়টি ম্যাচ মাঠের বাইরে থাকার পর গত ৭ মার্চ ইপসউইচ টাউন ও ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নামেন ২৮ বছর বয়সী হামজা। এতে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ও এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিরে এসেছে।

এদিকে, বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের সভাপতিত্বে জাতীয় দল কমিটির বৈঠকের পর বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুলও হামকাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘হামজা এখন পুরোপুরি সুস্থ এবং সে ২২ মার্চ ভিয়েতনামে জাতীয় দলে যোগ দেবে।’
বাবুল আরও জানান, জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরা শীঘ্রই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন। আর ১৬ মার্চ ঢাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। এরপর ২১ মার্চ ২৩ সদস্যের চূড়ান্ত দল ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে।
এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকা জায়ান আহমেদ ১৪ মার্চ এবং কানাডায় থাকা শমিত শোম ১৫ মার্চ ঢাকায় পৌঁছাবেন। ইতালিতে থাকা ফাহামেদুল ইসলাম ও ফিনল্যান্ডে থাকা তারিক রাইহান কাজি ১৬ মার্চ দেশে ফিরবেন।
গ্রুপ সি থেকে সিঙ্গাপুর ইতিমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তাই বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি এখন অর্থহীন হয়ে পড়েছে। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচটি হবে বাফুফের সঙ্গে কাব্রেরার চার বছরের চুক্তির শেষ ম্যাচ।
এবি/টিএ
এবি/টিএ