মিরাজের কঠোর পরিশ্রমের কথা জানালেন কোচ মুশতাক আহমেদ
ছবি: সংগৃহীত
০৯:৫৯ এএম | ১৪ মার্চ, ২০২৬
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হওয়ার পর মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সের ধার কমে গিয়েছে। যদিও দলের প্রয়োজনে লোয়ার মিডল অর্ডারেই ব্যাট করছেন তিনি। তবুও কথা উঠছে নিজের দিকটা বেশিই ভাবছেন মিরাজ। এমন ধারণা উড়িয়ে দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মতে, মিরাজ দলের কথা ভেবেই বিভিন্নরকম পরিকল্পনা করছেন। বাংলাদেশ অধিনায়কের নিবেদন নিয়ে প্রশ্ন উঠলেও তার পাশে দাঁড়ালেন মুশতাক, ‘আমি মনে করি না মিরাজ সেইফ খেলছে, কারণ সে অনেক ভালো বল করছে। গত ম্যাচে অনেক ভালো বল করেছে। ভালো ফর্মে থাকলে আপনি নিজেকে সুরক্ষিত রাখার কথা ভাববেন না।’
মিরাজ পেসারদের ওপর বেশি আস্থা রেখেছিলেন বললেন স্পিন কোচ, ‘মাজ সাদাকাত যখন ক্রিজে ছিল, তখন বলে গতি ছিল আর সুইং করছিল। অনেক পজিটিভ ক্রিকেট খেলেছে মাজ। মিরাজ হয়ত ভেবেছে আমি একটু পর আসি, তখন পেস বোলারদের ওপর আস্থা রেখেছে। কখনো পরিকল্পনা কাজে আসবে, কখনো আসবে না।’

ছন্দে ফিরতে মিরাজ কঠোর পরিশ্রম করছেন জানান মুশতাক বলেন, ‘গত কিছু দিন মিরাজ অনেক পরিশ্রম করেছে। কিছু ড্রিল করেছি। ২ দিন আগে সে ব্যাট করতে যাচ্ছিল, বলেছি না মাই ডিয়ার, তুমি লম্বা স্পেলে বোলিং প্র্যাকটিস করো। সে এটা বুঝতে পেরেছে এবং লম্বা স্পেল করেছে। অফ স্পিনার হিসেবে আপনাকে বল ঘুরাতে হবে। মিরাজকে কৃতিত্ব দিতে হবে, স্পিন বোলিং কোচ হিসেবে আমার পয়েন্ট সে ধরতে পেরেছে। সে ভালো করছে।’
ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে তিনি বললেন, ‘দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। চ্যালেঞ্জিং হতে পারে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলে কিছু ক্ষেত্রে আপনাকে অমন কন্ডিশন তৈরি করেই খেলতে হবে, প্রস্তুত হতে হবে।’
এসকে/টিএ