ফের আলোচনায় বিতর্কের মহানায়ক মরিনহো
ছবি: সংগৃহীত
০১:২২ পিএম | ১৪ মার্চ, ২০২৬
নিষেধাজ্ঞার কারণে হোসে মরিনহো আগামী দুই ম্যাচে বেনফিকার বেঞ্চে থাকতে পারবেন না। উত্তেজনাপূর্ণ ক্ল্যাসিকোতে লাল কার্ড পাওয়া এবং এফসি পোর্তোর এক সহকারী কোচের সঙ্গে সংঘর্ষের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে।
পর্তুগিজ ফেডারেশনের শৃঙ্খলা পরিষদ দুটি পৃথক সিদ্ধান্তে ৬৩ বছর বয়সী বেনফিকা কোচকে দলের পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ করেছে।
রোববারের ২-২ ড্রয়ের শেষদিকে লাল কার্ড পাওয়ার জন্য মরিনহোকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি টেকনিক্যাল এরিয়া ছেড়ে গোল উদযাপনের সময় বলটি পোর্তোর বেঞ্চের দিকে লাথি মেরেছিলেন। মরিনহো দাবি করেন, তিনি বলটি গ্যালারিতে পাঠাতে চেয়েছিলেন। বিতর্কের সঙ্গে মরিনহোর পরিচয় নতুন নয়।

পোর্তোর সহকারী কোচ লুচো গনজালেসের সঙ্গে বাগবিতণ্ডার জন্য তাকে আরও ১১ দিনের সাসপেনশন দেওয়া হয়েছে। এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার আরৌকার বিপক্ষে বেনফিকার ম্যাচে। আর ১১ দিনের সাসপেনশন তাকে ২১ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ থেকেও দূরে রাখবে। পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, এই দুই শাস্তি একসঙ্গে ভোগ করা যাবে না।
বৃহস্পতিবার রাতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে বেনফিকা। তারা মরিনহোর শাস্তিকে ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে।
শৃঙ্খলা পরিষদ জানিয়েছে, মরিনহোই গনজালেসকে উসকে দেন- তিনি তার তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটি ইশারা করেন এবং বারবার বলেন, ‘তুমি ছোট।’ জবাবে গনজালেস মরিনহোকে ‘বিশ্বাসঘাতক’ বলেন।
এসকে/টিএ