© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এটা দাতব্য কোনো লিগ নয়, নিয়মের মধ্যে থেকে আউট করা হয়েছে: লিটন

শেয়ার করুন:
এটা দাতব্য কোনো লিগ নয়, নিয়মের মধ্যে থেকে আউট করা হয়েছে: লিটন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ১৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আঘার রান আউট নিয়ে আলোচনা তুঙ্গে। বিতর্কিত ওই রান আউট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কারো কারো মতে, এমন আউট ক্রিকেটের চেতনাবিরোধী। আবার কেউ বলছেন, নিয়মের মধ্যে থেকেই রান আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও এক্ষেত্রে মিরাজের পক্ষেই থাকছেন।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’
 
এদিকে, মাঠের মধ্যে আউট নিয়ে ক্ষোভ দেখানোর পর সংবাদ সম্মেলনে সালমান আলী আঘা জানান, আউটটি পুরোপুরি বৈধ হলেও ক্রিকেটীয় চেতনার খাতিরে এমনটা করতেন না তিনি। সব খেলোয়াড়ের মধ্যে এই চেতনা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 
সালমান বলেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে বেছে নিতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও কখনো এমনটা করব না।’  
 
ঘটনাটি মূলত গতকালকের ম্যাচের। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারের খেলা চলছিল। ওভারের চতুর্থ বলে মিরাজের লেন্থ বলটা সোজা ব্যাটে খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ডানে সরে গিয়ে পা দিয়ে বলটা ঠেকান মিরাজ। বল গিয়ে লাগে সালমানের প্যাডে। নিচু হয়ে বলটা তুলে মিরাজকে দিতে যান সালমান। এমন সময় মিরাজ বল তুলে নিয়ে আন্ডার আর্ম থ্রোয়ে সালমানকে রানআউট করেন।
  
ঘটনার আকস্মিকতায় সালমান কিছুটা অবাক হন। এগিয়ে গিয়ে মিরাজকে হয়তো বোঝানোর চেষ্টা করেছিলেন যে, তিনি বলটাকে ডেড ধরে নিয়েছিলেন। তবে মিরাজ নিজের আবেদনে অটুট থাকেন। আম্পায়ারও সেই আবেদন আমলে নিয়ে থার্ড আম্পায়ারের কাছে পাঠান। বল স্টাম্পে লাগার সময় সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার আউটের ঘোষণা দেন।
 
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাঠেই হেলমেট, গ্লাভস এবং ব্যাট ছুড়ে মারেন সালমান। মাঠে লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।এরপর সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন পাকিস্তানি ব্যাটার।

এমআই/টিকে

মন্তব্য করুন