এখন ভাড়া ছাড়াও বাসা দিতে চায়, হায়রে অবস্থা : নুরুল হক নুর
ছবি: সংগৃহীত
১১:২৪ পিএম | ১৪ মার্চ, ২০২৬
গণঅধিকার পরিষদের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘তবে এখন অনেকে ভাড়া ছাড়াও বাসা দিতে চায়! হায়রে বাস্তবতা!
আমাদের মানসিকতার পরিবর্তন হোক।’
শনিবার (১৪ মার্চ) ২০২৩ সালের এই দিনের নিজের ফেসবুক ওয়ালের একটি পোস্ট শেয়ার করে তিনি এসব কথা বলেন।
সেই পোস্টে তিনি আক্ষেপ করে বলেছিলেন, “কী অদ্ভুত একটা সমাজ, দেশে বাস করি! দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ক্যারিয়ার, যৌবন বিসর্জন দিয়ে রক্ত ঝরিয়ে দেশের জন্য রাজনীতি করছি। আর একটা বাসা ভাড়া নিতে গিয়েও শুনতে হয়, ‘উনাকে পছন্দ করি, সে সত্যিই সাহসী।
আমি/আমরা নিরিবিলি থাকি, তাকে বাসা ভাড়া দিয়ে আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না। মাফ করবেন’!”
তিনি আরো বলেছিলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে এই বিড়ম্বনা/সমস্যায় যে কেবল আমি পড়েছি, তা নয়। অনেকেই রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিশেষ করে বাসা ভাড়া নিতে গিয়ে এমন সমস্যার মুখে পড়েছেন।’
নুরুল হক নুর ওই পোস্টে প্রশ্ন তুলে বলেছিলেন, ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের ব্রত নিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে কি পাপ করলাম? এ মানসিকতার পরিবর্তন দরকার। সমাজ পরিবর্তনে রাজনৈতিক সচেতনতা দরকার। তা না হলে ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হবে, আর চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, চোর-বাটপাড়, গুন্ডা-মাস্তানরাই রাজনীতি দখল করে দেশ চালাবে। যদিও বর্তমানেই তার অনেক কিছু বিদ্যমান।
তিনি বলেছিলেন, ‘মানুষ এখন নিজের স্ত্রীকে নিয়েও নিরাপত্তার কারণে ঘুরতে বেড়াতে সাহস করে না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের বস্ত্রহরণ করা হয়, যৌন দাসী হতে বাধ্য করছে, আবাসিক হলে ছাত্রদের দাসত্ব তো আছেই, পছন্দের জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল যথারীতি চলছে, অপরাধ না করেও মামলার আসামি হয়ে জেলে যেতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে।’
নুরুল হক বলেন, ‘এভাবে চলতে থাকলে খুব অচিরেই এই নিরিবিলি থাকা ভদ্র লোকদের কপালেও এটাই জুটবে। কাজেই স্বার্থপরতা পরিহার করে দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, দেশপ্রেমিক হোন। দেশকে নিয়ে ভাবুন, দেশ ভালো থাকলে, দেশে ভালো শাসক থাকলে সবাই ভালো থাকবে।’
ইউটি/টিএ