© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলচেকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় রিয়াল মাদ্রিদের

শেয়ার করুন:
এলচেকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় রিয়াল মাদ্রিদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ১৫ মার্চ, ২০২৬
হঠাৎ করে ফেদেরিকো ভালভার্দে দুর্দান্ত ফর্মে। আদর্শ সময়ে নিজের সেরা ফর্ম খুঁজে পেলেন তিনি। উরুগুয়ের আন্তর্জাতিক তারকা তিন ম্যাচে পঞ্চম গোলের দেখা পেলেন। গতকাল (শনিবার) দুটি গোলে তার অবদান। তাতে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে এলচেকে উড়িয়ে দিয়েছে।

এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে এনেছে রিয়াল। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকা বার্সা পয়েন্ট ব্যবধান চারে বাড়াতে রাতে সেভিয়ার মুখোমুখি হবে।



ভালভার্দে চলতি মৌসুমে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। ক্লাব ও দেশের হয়ে প্রথম ৩৯ ম্যাচে তার গোল ছিল কেবল দুটি। আর এবার টানা তিন ম্যাচে গোল করলেন তিনি।

গত সপ্তাহে ভালভার্দের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে হারায় রিয়াল। ২৭ বছর বয়সী মিডফিল্ডার একই ধারায় থেকে দলের দারুণ শুরু এনে দেন। প্রথমার্ধের শেষ ছয় মিনিটে জয়ের পথ সুগম করে দেন তিনি।

প্রথমে তার শক্তিশালী ফ্রি কিক মাতিয়াস দিতুরো বিপদমুক্ত করতে পারেননি। ফেদেরিকো রেদোন্দো আলগা বলে হেড করেছিলেন, কিন্তু পেনাল্টি স্পটের কাছে থাকা বল পড়ে আন্তোনিও রুদিগারের সামনে। ভলিতে জাল খুঁজে পান তিনি।

বিরতির এক মিনিট আগে ভালভার্দে লক্ষ্যভেদ করেন। লেফট ব্যাক ফ্রান গার্সিয়ার সঙ্গে পাস অদলবদল করে পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে বাঁ পায়ে শট নেওয়ার ভান করে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান তিনি।

এই দুই গোলেই ক্ষান্ত থাকেনি রিয়াল। ৬৬ মিনিটে ডিন হুইসেন ৩-০ করেন। মানুয়েল আনহেলের ৮৫ মিনিটের আত্মঘাতী গোলে এলচে ব্যবধান কমায়। এর চার মিনিট আর্দা গুলারের দর্শনীয় গোলে বড় জয় নিশ্চিত হয় মাদ্রিদ ক্লাবের। ৮৯তম মিনিটে ১০ গজের ভেতর থেকে গোলকিপারের মাথার উপর দিয়ে বল তুলে দেন তিনি।

এমআর/টিকে 

মন্তব্য করুন