৯ জন নিয়ে ড্র করেই বায়ার্নের স্বস্তি!
ছবি: সংগৃহীত
১২:১৯ পিএম | ১৫ মার্চ, ২০২৬
বায়ার লেভারকুজেনের মাঠে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা বায়ার্ন মিউনিখ কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজমের ধাক্কা। সেটা শোধ করা তো দূরের কথা, প্রথমার্ধের শেষ দিকে একজন খেলোয়াড় হারিয়ে আরও চাপে পড়ল বায়ার্ন মিউনিখ। দারুণ এক গোলে দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরানো লুইস দিয়াসও দেখলেন লাল কার্ড। নয় দল নিয়ে বায়ার লেভারকুজেনের বিপক্ষে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়ল জার্মান চ্যাম্পিয়নরা।
বুন্ডেসলিগায় শনিবার বায়ার লেভারকুজেনের মাঠে ঘটনাবহুল লড়াইটি ১-১ সমতায় শেষ হয়। স্বাগতিকদের হয়ে গোলটি করেন আলেইশ গার্সিয়া।
বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে এদিন দ্বিতীয় সেরা দল হয়ে ছিল বায়ার্ন। প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। অন্য দিকে ম্যাচজুড়েই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে লেভারকুজেন।
৪৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়েছে লেভারকুজেন, যেখানে লক্ষ্যে ছিল পাঁচটি। বায়ার্নের ১০ শটের চারটি অবশ্য লক্ষ্যে ছিল, কিন্তু সেগুলো তেমন ভীতিকর ছিল না।

ম্যাচের শুরুতে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার গার্সিয়া। প্রথমার্ধে দুই দল বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।
এরই মাঝেই ৪২তম মিনিটে নিকোলাস জ্যাকসনকে হারায় বায়ার্ন। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ট্যাকেল করায় ভিএআর দেখে সেনেগালের ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি।
দ্বিতীয়ার্ধে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি লিভারকুজেন। ৬১তম মিনিটে লেভারকুজেনের জালে বল পাঠিয়ে বায়ার্নকে উল্লাসে মাতান হ্যারি কেইন। কিন্তু কিছুক্ষণ পরই তাদের সেই আনন্দ মিলিয়ে যায়। গোল করার আগে কেইনের হাতে বল লাগে, ভিএআর দেখে গোল বাতিল করে দেন রেফারি।
আট মিনিট পর কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বায়ার্ন। প্রতিপক্ষের ভুল পাসে বল পান মাইকেল ওলিসে। তার পাস ধরে দলকে সমতা এনে দেন দিয়াস।
৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়াস। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।
২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৮।
এসকে/টিকে