ফিফা বিশ্বকাপ-২০২৬ / যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ১৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ম্যাচ স্থগিতের দাবি উঠলেও ২০২৬ সালের বিশ্বকাপের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাকের জাতীয় ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল সংস্থা।
ইরাক ফুটবল সংস্থার সভাপতি আদনান দিরজাল এক বিবৃতিতে জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে একটি বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে জাতীয় দল।
তিনি বলেন, ‘চলমান সংঘাতের কারণে এই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। তাই সফরটি নির্বিঘ্ন করতে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
দিরজাল আরো জানান, বিদেশি ক্লাবগুলোতে খেলা পেশাদার ফুটবলারদের জাতীয় দলে যোগ দিতে সুবিধা করে দিতেও সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
প্লে-অফ ম্যাচটি আগামী ৩১ মার্চ মেক্সিকোর মনতেরে শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাব পড়েছে আঞ্চলিক ফুটবলেও। এর ফলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানের দলের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রতিযোগিতায় ইরানকে স্বাগত জানানো হবে।
সংঘাতের কারণে ভ্রমণ-সংক্রান্ত জটিলতায় ইরাকের অংশগ্রহণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। এ পরিস্থিতিতে ম্যাচটি পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দলের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড।
অস্ট্রেলীয় এই কোচ বলেন, ‘চলমান সংঘাতের কারণে দলের অনেক ফুটবলার ও কোচিং স্টাফ এখনো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে আছেন।’
উল্লেখ্য, আন্তঃমহাদেশীয় প্লে-অফের বাধা পেরিয়ে দুটি দল বিশ্বকাপে উঠবে। এর মধ্যে দ্বিতীয় জায়গাটির জন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। তাদের মধ্যে বিজয়ীর বিপক্ষে আগামী ৩১ মার্চ খেলবে ইরাক।
এসকে/টিকে