নির্বাচক ইনজুরির কথা জানানোর পর বাবরের ইনস্টাগ্রামে এডিটেড ‘ভাঙা’ পায়ের ছবি
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ১৫ মার্চ, ২০২৬
সবশেষ সিরিজেও একটা সেঞ্চুরি পেয়েছেন। সেই বাবর আজমকে বাদ দিয়ে বাংলাদেশে ওয়ানডে খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবরকে নিয়ে পাকিস্তানের নির্বাচকদের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন।
বাবরকে বর্তমান সময়ের সেরা ওয়ানডে খেলোয়াড়দের একজন মনে করা হয়। সাড়ে ৬ হাজারের বেশি রান তিনি করেছেন ৫৩’র বেশি গড়ে।
স্ট্রাইকরেটও নব্বই ছুঁইছুঁই। এই ফরম্যাটে ১৩৭ ইনিংসে তার সেঞ্চুরি ২০টি, হাফসেঞ্চুরির সংখ্যা ৩৭। অনেকে মনে করেন, পাকিস্তান বাবরের টি-টোয়েন্টির পারফরম্যান্স বিচার করেছে। সপ্তাহখানেক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ ম্যাচে বাবর মাত্র ৯১ রান করেন।
বাবরকে বাদ দিয়ে সাবেকদের সমালোচনার শিকার হতে হয়েছে নির্বাচক আকিব জাভেদকে। জাভেদ গতকাল বাবরের না থাকার বিষয়টি খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন, ইনজুরির কারণে বাবরকে তিন ম্যাচের সিরিজে নেওয়া হয়নি।

সাংবাদিকদের জাভেদ বলেন, ‘বাবর আজম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়েছে। শ্রীলঙ্কা থেকে আসার পর আমাদের চিকিৎসক তাকে দেখেছে। খেলতে চাইলেও ইনজুরির কারণে ও জাতীয় টি-২০ লিগে খেলতে পারছে না।’
তবে বাবর যে বার্তা দিয়েছেন, তাতে আকিব জাভেদের দাবি বাতিলই হয়ে যায়। বাবর একরকম বুঝিয়ে দিয়েছেন, তার কোনো ইনজুরি নেই। এই ক্রিকেটার ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে বাবরের পা হাঁটুর কাছে ভেতরের দিকে অস্বাভাবিকভাবে বাঁকানো। স্পষ্টতই বোঝা যাচ্ছে, এটি এডিটেড ছবি। পাশাপাশি ছবির ওপর একটি ব্যাঙ্গাত্মক ইমুজিও জুড়ে দিয়েছেন তিনি।
এখন দেখার বিষয় হলো, বাবরের এই প্রতিক্রিয়ায় আকিব জাভেদ কী করেন।
এসকে/টিকে