২৯১ রানের টার্গেট, তাসকিন-নাহিদের তোপে ধুঁকছে পাকিস্তান
ছবি: সংগৃহীত
০৮:২৩ পিএম | ১৫ মার্চ, ২০২৬
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার তোপে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা।
রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন আফ্রিদি। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লের ১০ ওভারে ৫০ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার।
সাইফের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ৪৭ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন সাইফ-তানজিদ তামিম। তবে দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ। এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। ৫৩ রানের জুটি গড়েন তারা।

তবে দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। ৯৮ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। ৯৪ রানে থাকা অবস্থায় সালমান আগাকে ছক্কা মেরে ১০০–তে পৌঁছেছেন তানজিদ হাসান। এটি ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরি তুলে নেওয়ার পর পরই সাজঘরে ফিরে যান তানজিদ তামিম। ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ বলে ১০৭ রান করেন তিনি। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন লিটন দাস। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। লিটন ৫১ বলে ৪১ ও রানের খাতা খোলার আগেই আউট হন রিশাদ হোসেন।
শেষ দিকে হৃদয়ের ৪৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে পেসার হারিস রউফ নিয়েছেন ৩টি উইকেট। ২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় তারা। শাহিবজাদা ফারহানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ৫ বলে ৬ রান করে আউট হন এই পাক ওপেনার।
শুরুর ধাক্কা সামাল দেওয়ার আগেই জোড়া উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে পাকিস্তান। আরেক ওপেনার মাজ সাদাকাতকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ৫ বলে ৬ রান করেন তিনি।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন। ৪ বলে মাত্র ৪ রান করে বোল্ড হন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
আইকে/টিএ