সিরিজ হারলেও তরুণ দল নিয়ে গর্বিত শাহিন, বাংলাদেশকে ভাসিয়েছেন প্রশংসায়
ছবি: সংগৃহীত
০১:২২ এএম | ১৬ মার্চ, ২০২৬
তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন-মোস্তাফিজরা। তবে শেষ পর্যন্ত হার মানলেও দল নিয়ে গর্বিত পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ছয় চার ও সাত ছক্কায় সমান ১০৭ রান করেন তামিম। এছাড়া তাওহীদ হৃদয় ৪৪ বলে অপরাজিত ৪৮ রান ও লিটন দাস ৫১ বলে করেন ৪১ রান।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে মিডল অর্ডারে দারুণ লড়াই করেন সালমান আলী আগা। ৯৮ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। শেষদিকে শাহীন শাহ আফ্রিদি চেষ্টা করেও পারেননি দলকে জেতাতে।
বিশ্বকাপ ব্যর্থতার পর তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান দলে অভিষেক ৬ ক্রিকেটারের। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও তরুণ দল নিয়ে বেশ খুশি শাহীন।

‘সত্যিই দল নিয়ে গর্বিত। আমরা তরুণদের সুযোগ দিয়েছি এবং শেষ বল পর্যন্ত লড়াই করেছি। আগা সবসময় স্পিনার এবং ফাস্ট বোলারদের খেলতে পছন্দ করে। সে অনেক দিন ধরে ভালো ইনিংস খেলছে। তরুণরা প্রথমবারের মতো একদিনের ম্যাচে এসেছে। তারা যেভাবে খেলেছে তাতে সত্যিই গর্বিত এবং আমরা তাদের সমর্থন করব।’
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। মোস্তাফিজুর রহমানকে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শাহিন। কিন্তু মোস্তাফিজ একই ওভারে হারিস রউফকে আউট করলে ম্যাচ আবার বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। শেষ ওভারে রিশাদ হোসেন দারুণ বোলিং করে পাকিস্তানের আশা শেষ করে দেন।
শাহীন বলেন, ‘(নিজের ইনিংসে) আমি চেষ্টা করেছি। রিশাদ সত্যিই ভালো বোলিং করেছে এবং বাংলাদেশকে অভিনন্দন, তারা সত্যিই ভালো খেলেছে। উন্নতি সবসময়ই আছে।’
ম্যাচ শেষে নিজের দল নিয়ে সন্তুষ্টির কথা জানান পাকিস্তান অধিনায়ক। ‘আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং সব বিভাগেই ফিট থাকতে হবে। কিন্তু তারা তরুণ এবং ভালো ক্রিকেট খেলেছে এবং আমরা তাদের সমর্থন করব।’
টিজে/টিএ