রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ে গেলো সেভিয়া
ছবি: সংগৃহীত
০১:৫০ এএম | ১৬ মার্চ, ২০২৬
সেভিয়ার বিপক্ষে জ্বলে উঠলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ম্যাচের শুরুতেই দুটি পেনাল্টি কাজে লাগিয়ে দলকে চালকের আসনে বসান এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে পূরণ করলেন হ্যাটট্রিক। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়ে শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
রোববার (১৫ মার্চ) কাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য স্বপ্নের মতো। নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে কান্সেলোকে ফাউল করায় স্পট কিকের সুযোগ পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এর কিছুক্ষণ পর আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। এবার কান্সেলোর নেওয়া শট সেভিয়ার ডিফেন্ডার জোয়াও কার্মোনার হাতে লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ২১তম মিনিটে সফল স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে বাঁ দিক থেকে আসা পাস প্রতিপক্ষের পা ছুঁয়ে পেয়ে প্রথম ছোঁয়াতেই গোল করেন দানি ওলমো। এতে বিরতির আগে স্কোর লাইন দাঁড়ায় ৩–০। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে সেভিয়া। ডান দিক থেকে আসা ক্রস ডি-বক্সে পেয়ে ভলিতে জালে পাঠান ওসো।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আঘাত হানে বার্সেলোনা। ৫১তম মিনিটে ফের্মিন লোপেসের পাস পেয়ে শট নেন রাফিনিয়া। প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল উঁচু হয়ে ক্রসবার ছুঁয়ে জালে ঢুকে গেলে পূর্ণ হয় তার হ্যাটট্রিক।
লা লিগার চলতি মৌসুমে এটিই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে, যা সমান রবার্ট লেভানডোভস্কির সমান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে রাফিনিয়ার গোল এখন ১৭টি।
৬০তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান কান্সেলো। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন এই পর্তুগিজ ডিফেন্ডার। বলটি ওদেসিয়াস ভ্লাহোদিমোসের পায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের যোগ করা সময়ে হেড থেকে সেভিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন জিব্রিল সু।
এই জয়ে লা লিগায় ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়া।
টিজে/টিএ