© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের রিভিউ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তুলল পাকিস্তান

শেয়ার করুন:
বাংলাদেশের রিভিউ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তুলল পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ১৬ মার্চ, ২০২৬
মিরপুরে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ ওভারের একটি সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ২৯০ রান। দলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলে দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধীরগতির হলেও পরে ম্যাচে দারুণভাবে ফিরে আসে পাকিস্তান। অধিনায়ক সালমান আলী আঘা অসাধারণ এক সেঞ্চুরি করে লড়াইয়ে রাখেন দলকে। ১০৬ রান করে তিনি আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের দিকে। শেষ দিকে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শাহিন শাহ আফ্রিদি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ম্যাচের শেষ ওভারটি ছিল নাটকীয়তায় ভরা। বোলিংয়ে ছিলেন রিশাদ হোসেন এবং স্ট্রাইকে শাহিন আফ্রিদি। এক পর্যায়ে পাকিস্তানের দরকার পড়ে ২ বলে ১২ রান। রিশাদের করা পরের বলটি ঠিকমতো কানেক্ট করতে পারেননি শাহিন। বলটি লেগ স্টাম্পের বাইরে হওয়ায় আম্পায়ার প্রথমে ওয়াইড দেন।

তবে বাংলাদেশ এলবিডব্লিউয়ের আবেদন করে রিভিউ নেয়। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি শাহিনের ব্যাটের কোণায় লেগে গেছে। ফলে এলবিডব্লিউ হয়নি এবং ব্যাটে লাগার কারণে ওয়াইডও বাতিল হয়ে যায়। এতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। শেষ বলে স্টাম্পিং হয়ে যান শাহিন, আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, বড় পর্দায় রিপ্লে দেখে ধারণা নিয়ে পরে বাংলাদেশ রিভিউ নেয়ার সুযোগ পেয়েছে। এছাড়া ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেয়া হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য টিভি পর্দায় কোনো টাইমারও দেখা যায়নি।

পাকিস্তানের অভিযোগ, নির্ধারিত সময় পার হওয়ার পর রিভিউ নেয়া হয়ে থাকলে সেটি ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলেছে। যদিও ম্যাচের ফল পরিবর্তনের সুযোগ নেই। তবে যদি সময়সীমা ভঙ্গ হয়ে থাকে, তাহলে ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া ছাড়া আর কিছু করার থাকবে না ম্যাচ কর্তৃপক্ষের।

মিরপুরের এই রোমাঞ্চকর ম্যাচে সিরিজ জয়ের আনন্দ যেমন পেয়েছে বাংলাদেশ, তেমনি শেষ মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্কও জন্ম দিয়েছে ক্রিকেট মহলে।

এসকে/টিকে

মন্তব্য করুন