ইরানের ‘পক্ষ নেয়ায়’ জাপানের সাবেক ফুটবলার হোন্ডার ক্ষতি করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০১:৫১ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ইরান জাতীয় ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দেয়ার পর যুক্তরাষ্ট্রে একটি বিজ্ঞাপনী চুক্তি হারিয়েছেন জাপানের সাবেক ফুটবলার কেইসুকে হোন্ডা। খবর আল-জাজিরার।
শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ৩৯ বছর বয়সী হোন্ডা জানান, একটি মার্কিন কোম্পানির সঙ্গে তার বিজ্ঞাপন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করার পর সেই বিজ্ঞাপনটি ‘স্থগিত’ করা হয়েছে।
গত বৃহস্পতিবার এক পোস্টে হোন্ডা লিখেছিলেন, ‘আমি জানি বিষয়টি খুবই সংবেদনশীল, কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই তারা (ইরান) বিশ্বকাপে অংশগ্রহণ করুক।’
এই মন্তব্যটি আসে ইরানের ক্রীড়ামন্ত্রীর এক বক্তব্যের পর, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনার পর ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেয়া সম্ভব নয়।
পরে আরেকটি পোস্টে হোন্ডা জানান, বিশ্বকাপকে সামনে রেখে যে বিজ্ঞাপনটি চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেটি তার ওই মন্তব্যের কারণে বাতিল করা হয়েছে।
তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমার এই বক্তব্যের কারণে একটি মার্কিন কোম্পানি বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত হওয়ার পথে থাকা বিজ্ঞাপনটি বাতিল করেছে। এমন কোম্পানির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে ইচ্ছা নেই, যারা বিষয়ের মূল অর্থ না বুঝে বিকৃত চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।’
ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ইরানের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বিভিন্ন ভেন্যুতে নির্ধারিত রয়েছে।
২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাপানের হয়ে খেলা হোন্ডা জাতীয় দলের হয়ে ৩৮টি গোল করেছেন। তিনি ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে জাপানের প্রতিনিধিত্ব করেন এবং দেশের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত।
২০১১ সালের এশিয়ান কাপে জাপানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি।
পাঁচ মহাদেশে ১১টি ক্লাবের হয়ে খেলার পর ২০২৪ সালে অবসর নিয়ে কোচিংয়ে যোগ দেন হোন্ডা।
এমআর/টিকে