দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন জ্যাকবস
ছবি: সংগৃহীত
১১:৫৫ এএম | ১৭ মার্চ, ২০২৬
নিউজিল্যান্ডের মিডল অর্ডারের ব্যাটার বেভন জ্যাকবস বাঁ হাঁটুর চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে কভার হিসেবে যুক্ত করা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা কেটেন ক্লার্ককে।
২৩ বছর বয়সী জ্যাকবস মাউন্ট মাউঙ্গানুইয়ে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাঁটুতে আঘাত পান এবং মাঠ ছেড়ে চলে যান। পরে স্ক্যান করানোর পর জানা যায়, তার হাঁটুর পাশে হাড়ে চোট লেগেছে।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, জ্যাকবস কবে মাঠে ফিরতে পারবেন, তা নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে সুপার স্ম্যাশে শিরোপা জয়ের অভিযানে দারুণ ফর্মে ছিলেন ক্লার্ক।
টুর্নামেন্টটিতে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২৬ বছর বয়সী এই ডানহাতি ওপেনার ৯ ইনিংসে ৪৩১ রান করেন, যার মধ্যে ওটাগোর বিপক্ষে একটি সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি তিনটি ফিফটিও করেছেন তিনি।
তার গড় সাড়ে ৬১ এর কিছু বেশি এবং স্ট্রাইক রেট ১৭১ দশমিক ৭১। নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার (১৭ মার্চ) হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা সাত উইকেটে জয় পেয়েছিল।
আরআই/টিকে