ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির বিদায়, কোয়ার্টার ফাইনালে রিয়াল
ছবি: সংগৃহীত
০৫:১৮ এএম | ১৮ মার্চ, ২০২৬
ঘরের মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হার নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার সিটি। জোড়া গোলে ইতিহাদ মাতালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১৭ মার্চ) ম্যানসিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। তার শট গোললাইনে হাত দিয়ে ঠেকিয়ে ছিলেন বার্নার্দো সিলভা। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেওয়ার পাশাপাশি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠছাড়া করেন রেফারি। ফলে প্রথমার্ধেই অর্ধেক সময় না যেতেই ১০ জনের দলে পরিণত হয় সিটি।

তবে চাপের মধ্যে থেকেও ৪১তম মিনিটে দলকে সমতায় ফেরান হলান্ড। জেরেমি ডকুর পাস কাছ থেকে জালে জড়ান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
তবে প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ছিল না বললেই চলে। দ্বিতীয়ার্ধে দুই দলের একাধিক গোল অফসাইড বা ফাউলের কারণে বাতিল হয়। ৭০তম মিনিটে ব্রাহিম দিয়াজের বদলি হিসেবে নামানো হয় ইনজুরির কারণে প্রথম লেগে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পেকে। এদিন তার সামনে গোলের সুযোগ তৈরি হলেও সফল হননি।
অন্যদিকে যোগ করা সময়ের শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন ভিনিসিউস। অঁরলিয়ে চুয়ামেনির পাস কাছ থেকে ভলি করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, নিশ্চিত করেন রিয়ালের জয়। ম্যাচে সিটির পক্ষ থেকে একটি পেনাল্টির জোরালো দাবি উঠলেও সেটি নাকচ করে দেন ম্যাচ কর্মকর্তা। ফ্রান গার্সিয়ার সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করেনি।
এনিয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল টানা তৃতীয় মৌসুমে সিটিকে ছিটকে দিয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের পথে আরেক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে, বিদায়ের হতাশা নিয়েই এখন লিগ কাপ ফাইনালের দিকে মনোযোগ দিতে হবে গার্দিওলার দলকে।
এমআর/টিএ