১৫০ কিলোমিটার গতির বোলার থাকা বাড়তি সুবিধা: আশরাফুল
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে গতির বোলার নাহিদ রানা। জাতীয় দলে অভিষেকের কেবল দুই বছর হলেও ইতোমধ্যে নজর কেড়েছেন তরুণ এই পেসার। বিদেশি অনেক তারকা ক্রিকেটারও তার প্রশংসায় পঞ্চমুখ। গত বছর লাইন-লেন্থ নিয়ে কিছুটা স্ট্রাগল করলেও সর্বশেষ পাকিস্তান সিরিজে নিজের সেরা ছন্দে ফিরেছেন টাইগার পেস সেনসেশন।
নাহিদের এমন ফর্মে থাকা দলের জন্য কতটা জরুরি, সেটাই এবার জানালেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে সহকারী কোচ হিসেবে কাজ করছেন আশরাফুল। ন্যাশনাল ক্যাম্প ছাড়াও রংপুর রাইডার্সের ক্যাম্পেও নাহিদ রানাকে ভালোভাবে দেখার সুযোগ হয়েছে তার। সে কারণে নাহিদের গুরুত্বটাও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন তিনি। আজ (১৮ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, দলে এমন পেসার থাকা প্রতিপক্ষের জন্য ভয়ের বিষয়।
আশরাফুল বলেন, ‘গত দুই মৌসুম আমি রংপুরের সঙ্গে ছিলাম, আর দুবারই আমরা নাহিদ রানাকে দলে নিয়েছি। সেই সুবাদে খুব কাছ থেকে ওকে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশ দলেও সে খেলছে। একজন ব্যাটার হিসেবে আমি সবসময় মনে করি, আপনার প্রতিপক্ষ দলে যদি ১৫০ কিলোমিটার গতির একজন বোলার থাকে, সেটা যেকোনো ব্যাটারের জন্য একটা আতঙ্ক।’

আশরাফুল বলেন, ‘নাহিদ রানা প্রতিদিন পরিশ্রম করছে, উন্নতি করছে। সর্বশেষ ওয়ানডে সিরিজে অসাধারণ বল করেছে, বিপিএলেও ভালো বল করেছে। শান্ত ভাই, লিপু ভাইদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তাদেরকেও সবসময় বুঝিয়েছি ১৫০ গতির একজন বোলার দলে থাকলে দলের খেলোয়াড়দের জন্যও ভালো। কারণ তারা ভাববে ১৫০ কিলোমিটার গতির বল আমি খেলছি, আমার জন্য ম্যাচে খেলাটা সহজ হবে। নিজ দলের খেলোয়াড়দেরও এটা উপকৃত করবে (নাহিদ রানা থাকলে)।
সর্বশেষ পাকিস্তান সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাহিদ রানা। তার অনবদ্য বোলিংয়েই পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ, যা দলকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে নিয়ে এসেছে।
এসএস/টিকে