© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসি বোলার তালিকায় সেরা দশে মেহেদী হাসান মিরাজ

শেয়ার করুন:
আইসিসি বোলার তালিকায় সেরা দশে মেহেদী হাসান মিরাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ১৮ মার্চ, ২০২৬
আইসিসির হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন তিনি। তার উন্নতি হয়েছে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সাতে উঠেছেন মিরাজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬২৪। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ৩ ম্যাচে তিনি নিয়েছিলেন ৫ উইকেট। প্রথম ম্যাচে ২৯ রানের বিনিময়ে ৩ ও দ্বিতীয় ম্যাচে ৩৪ রানে ২। তৃতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে।

বোলারদের সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। অলরাউন্ডাদের মধ্যে সিকান্দার রাজা ও মোহাম্মদ নবির এক ধাপ করে অবনতি হয়েছে। এই দুজনই মিরাজের পরে অবস্থান করছেন।
একই সিরিজে ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ (বর্তমান স্থান ২৮) ও ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমানের ১৩ (বর্তমান স্থান ৪৭) ধাপ উন্নতি হয়েছে।

সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতে গতির ঝড় তুলে প্রথমবার ৫ উইকেট নেওয়া এই পেসার ৬৫ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে উঠেছেন। পরের দুই ম্যাচে আরও ৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।



৩ ম্যাচের সিরিজে ১৭৫ রান করে যৌথভাবে সর্বোচ্চ রানসংগ্রাহক হন তানজিদ হাসান তামিম। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৩১ ধাপ, তার বর্তমান স্থান ৫৫ নম্বরে। ১৭৫ রান করেছিলেন পাকিস্তানের সালমান আলী আগাও। ৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে চলে এসেছেন তিনি।

২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা। এই সিরিজের পারফরম্যান্স দিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাতে উঠার পথে অর্জন করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১৩ রেটিং পয়েন্ট।

আইকে/টিকে

মন্তব্য করুন