© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে আবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান

শেয়ার করুন:
বিশ্বকাপে আবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ এএম | ১৯ মার্চ, ২০২৬
ভারত-পাকিস্তান লড়াই আবারও ফিরছে- তবে এবার ক্রিকেট নয়, হকির মঞ্চে। ২০২৬ ছেলেদের হকি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আগামী ১৫ থেকে ৩০ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়াম যৌথভাবে আয়োজন করবে হকি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘পুল ডি’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে পরের ধাপে। এরপর নতুন করে দুটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার লড়াইয়ে নামবে দলগুলো।



বিশ্বকাপের আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবার মুখোমুখি হবে। জুনে ইংল্যান্ডে দ্বৈত ম্যাচ খেলবে তারা। সর্বশেষ ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।

সাম্প্রতিক পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। ২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত রয়েছে ভারত। ২০১৩ সালের পর দুই দলের ২৬টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে ভারত।

তবে দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে ফিরছে পাকিস্তান। কঠিন সময় পার করলেও মিশরের বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করে জায়গা নিশ্চিত করেছে দলটি।

ভারতের অধিনায়ক হারমানপ্রীত সিং বলেন, 'পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময়ই আলাদা উত্তেজনা তৈরি করে। তবে আমরা এটিকে অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ম্যাচের মতোই দেখছি- নিজেদের পরিকল্পনায় অটল থেকে সেরা খেলাটাই খেলতে চাই।'

এমআর/টিকে 

মন্তব্য করুন