ফিলিস্তিনের দাবি ছিল ইসরায়েলি ফুটবল নিষিদ্ধের, স্রেফ জরিমানা করল ফিফা
ছবি: সংগৃহীত
০৯:৪০ এএম | ২০ মার্চ, ২০২৬
ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছিল ফিলিস্তিন। এর মধ্যে তাদের ভূখণ্ড দখল করে বসতি গড়া এলাকা (পশ্চিম তীর) থেকে ফুটবলে সম্পৃক্ততার কারণে ফিফার কাছে নিষিদ্ধের দাবি ছিল। যা নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। তবে ফিলিস্তিনের পৃথক অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল সংস্থাকে শাস্তি দিয়েছে ফিফা।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) দুটি পৃথক আবেদন নিয়ে গতকাল (বৃহস্পতিবার) ফিফা নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে একটি আবেদন ছিল- পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলতে দেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যা নিয়ে গভর্ন্যান্স প্যানেলের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও আন্তর্জাতিক আইনে জটিল ও অনির্ধারিত। ফলে এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
তবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে পৃথক অভিযোগের ভিত্তিতে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় আড়াই কোটি টাকা) জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন।
এসব অভিযোগ নিয়ে ফিফার তিন বিচারক মনে করেন, ইসরায়েলি ফুটবলে রাজনৈতিক ও সামরিক বার্তা প্রচার হতে দেখেও মেনে নেওয়া হয়েছে, বিশেষ করে বেইতার জেরুজালেমের সমর্থকদের ক্ষেত্রে। এর পাশাপাশি বসতি এলাকাগুলোতে ফিলিস্তিনিদের ফুটবল অবকাঠামো থেকে কৌশলগতভাবে বাদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তারা। জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য রোধে সংস্কার, নজরদারি ও শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় করতে হবে, যা ফিফার অনুমোদনসাপেক্ষে ইসরায়েলকে বাস্তবায়ন করতে হবে। পুরো একটি মৌসুমজুড়ে স্টেডিয়াম এবং প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার, প্রোটোকল, পর্যবেক্ষণ এবং শিক্ষামূলক প্রচার অভিযান চালাতে হবে তাদের।
ফিফার শৃঙ্খলা বিষয়ক বিচারকরা ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্যের অভিযোগ বহাল রাখেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের আপত্তিকর মন্তব্যের বিষয়টিও বিবেচনায় নিয়েছেন। বিচারকরা বলেছেন, ‘বেইতার জেরুজালেম ক্লাবের সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের আচরণ “স্পষ্ট লঙ্ঘন” হিসেবে গণ্য হয়েছে।’
তারা আরও বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নে জরিমানার এক-তৃতীয়াংশ ব্যয় করতে হবে। ফুটবল যে বৃহত্তর মানবিক প্রেক্ষাপটে পরিচালিত হয়, তা থেকে আমরা উদাসীন থাকতে পারি না। এই খেলাটি শান্তি, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার একটি প্ল্যাটফর্ম হিসেবে থাকা উচিত।’
এসকে/টিকে