© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট

শেয়ার করুন:
আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩০ এএম | ২০ মার্চ, ২০২৬
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইরানের অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনা ও অনিশ্চয়তার মধ্যে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং সব দলই অংশ নেবে।

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ফিফা কাউন্সিলের এক অনলাইন বৈঠকে ইনফান্তিনো বলেন, ‘আমাদের একটি নির্ধারিত সূচি রয়েছে। খুব শিগগিরই ৪৮টি দল নিশ্চিত হবে এবং আমরা চাই বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হোক। সব দলই অংশ নেবে, এটাই আমাদের লক্ষ্য।’

ইরানের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়েছে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে। এ পরিস্থিতিতে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, তারা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো অন্য কোনো আয়োজক দেশে সরিয়ে নেওয়া যায়।

বর্তমান সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং মিশরের বিপক্ষে সিয়াটলে ম্যাচ নির্ধারিত রয়েছে।
তবে মেহদি তাজ স্পষ্ট করেছেন, তারা বিশ্বকাপ বয়কট করবে না। এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যুক্তরাষ্ট্রে খেলব না, তবে বিশ্বকাপ বয়কট করব না।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম জানিয়েছেন, প্রয়োজনে তাদের দেশ ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা ভূ-রাজনৈতিক সংঘাত সমাধান করতে পারে না। তবে আমরা ফুটবলের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করতে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

এসকে/টিকে

মন্তব্য করুন