© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের নামাজ শেষে আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

শেয়ার করুন:
ঈদের নামাজ শেষে আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ২১ মার্চ, ২০২৬
ক্রিকেটার মুশফিকুর রহিম সবসময়ই ‘ফ্যামিলি ম্যান’। বিশেষ করে পারিবারিক অনুষ্ঠান কিংবা বড় কোনো উদযাপনের সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটান। ব্যতিক্রম হয়নি এবারের পবিত্র ঈদুল ফিতরের দিনেও। বগুড়ায় ঈদের নামাজ শেষে ঈদ উদযাপনের স্মৃতি বর্ণনার পাশাপাশি জাতীয় দলের আসন্ন সিরিজে ভালো করতে দোয়া চেয়েছেন।

পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন অভিজ্ঞ এই তারকা। এই সময় মুশফিক বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দ সবাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে রোজা কিংবা ইবাদত সেগুলো কবুল করবেন। ঈদ শুধু পরিবারের জন্য না, আত্মীয়-স্বজন এবং গরিব মানুষ সকলের সঙ্গেই ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আনন্দ।’



কিছুদিন আগে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ওমরা হজ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে এখনও আটকে পড়াদের জন্য ভালো খবরের প্রত্যাশা তার, ‘আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে আসলে আমি জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম, খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আসতে পেরেছি। প্রায় দেড়দিনের মতো ছিলাম ওখানে, এখনও যারা ওখানে আছে ইনশাআল্লাহ আমি আশা করি তারা পরিবারের কাছে দ্রুতই পৌঁছে যাবে।’

ঈদ শেষেই বাংলাদেশ দলের ব্যস্ততা শুরু হবে। একের পর এক সিরিজে ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দলের ক্রিকেটাররা। সেজন্য দোয়া চেয়ে মুশফিক বললেন, ‘সামনে খেলা আছে, আমাদের জন্য অনেক দোয়া করবেন।’

এমআর/এসএন 

মন্তব্য করুন