© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলে ৩০ রোজা রাখায় গর্বিত তাসকিন

শেয়ার করুন:
ছেলে ৩০ রোজা রাখায় গর্বিত তাসকিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২১ মার্চ, ২০২৬
দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের দিন একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন। এবার তাসকিন আহমেদের ছেলে তাশফিন আহমেদ রিয়ান ৩০ রোজা রেখেছে। বাবা হিসেবে গর্ব অনুভব করছেন বাংলাদেশের এই তারকা পেসার।

উৎসবের এই দিনে নামাজ পরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। ঈদের নামাজ শেষে তাসকিনের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ছেলের ৩০ রোজা রাখা নিয়ে বাংলাদেশের অভিজ্ঞ পেসার বলেন, ‘মাশা আল্লাহ এটা বাবা হিসেবে অনেক গর্বের বিষয়।আমি প্রায়ই তাকে বলেছি, ‘তুমি টানা ৩০ রোজা রেখ না। আল্লাহ অবশ্যই তোমার ব্যাপার বিবেচনা করে দেখবেন। তুমি অনেক ছোট। একদিন পরে পরে রাখ।’ তবে সে ৩০ টাই রেখেছে মাশা আল্লাহ।’’

ভোরবেলা সেহরি যেন মিস না হয়, সে জন্য অনেক সময় তাসকিনের ছেলে ঘুমাত না। আজ সংবাদ মাধ্যমকে বাংলাদেশের ৩০ বছর বয়সী পেসার বলেন, ‘‘সে হচ্ছে মানে ঘুমাত। ঘুমাতে চাইত না আসলে যাতে তাকে যদি কেউ না ডাকে এজন্য। তো পরে আমি যখন বাসায় থাকতাম, মানে আমাদের পাকিস্তান সিরিজ ছিল, বিসিএল ছিল। তো যেদিন যেদিন আমি থাকতাম, তাকে প্রমিস করতাম এই বলে, ‘ঠিক আছে। আমি ডেকে দিব। তুমি ঘুমাও।’ তখন সে ঘুমাত। তা ছাড়া সে ঘুমাতে চেত না।’’

দেখা হলেই আজ একে অপরকে জানাচ্ছেন ঈদ মোবারক। সামাজিকমাধ্যমেও প্রিয়জনরা পাচ্ছেন ঈদের শুভেচ্ছা বার্তা। অনেকে মুরব্বিদের কাছ থেকে পাচ্ছেন সালামি। এবারের ঈদে বাবা, মা ও দাদা প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে সালামি পেয়েছে তাসকিনের ছেলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাশফিনের চোখে মুখে ছিল দুষ্টুমির ছাপ। তার কাছে জানতে চাওয়া, ‘সালামির টাকা দিয়ে তুমি কী করবে?’ উত্তরে তাশফিন বলল, ‘জমাব। এই টাকা দিয়ে খাট কিনব।’

এবারের ঈদে তাসকিন, তাঁর বাবা ও ছেলে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলেছেন। ক্যাপশনে বাংলাদেশের তারকা পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’ শরীফুল ইসলাম, মুশফিকুর রহিমরা গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটছে। ঈদের জামাতে বসে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। জামাতে ছিল তাঁর ছেলেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনার নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’ শরীফুল তাঁর বাচ্চাকে কোলে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘ঈদ মোবারক।’

পাকিস্তানের বিপক্ষে ১৫ মার্চ সিরিজ জয়ের পর ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। নাহিদ রানা, রিশাদ হোসেনরা ঈদ উপভোগ করছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। ঈদের দিন নতুন সাজে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রানা, রিশাদরা। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব আল হাসান গত রাতে আবারও ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ঈদের ছুটি শেষে ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কারও আবার ব্যস্ততা থাকবে পিএসএল নিয়ে। এবারের পিএসএলে রানা, শরীফুল ও তানজিদ হাসান তামিমকে নিয়েছে পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন। আর নবাগত পিন্ডিজ নিয়েছে রিশাদকে। ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

টিকে/

মন্তব্য করুন