ভিয়েতনামে পৌঁছে দেশবাসীকে কী বার্তা দিলেন জামাল-শমিতরা?
ছবি: সংগৃহীত
০৫:৫৬ পিএম | ২১ মার্চ, ২০২৬
রমজান শেষে আজ দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ভিয়েতনামে পৌঁছে দেশবাসীকে ঈদ মোবারক বলেছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার রাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। আজ শনিবার সকালে হ্যানয় বিমানবন্দরে পৌঁছেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের দলের পক্ষ থেকে আপনাদের ঈদ মোবারক।বাংলাদেশ জাতীয় দল সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা।’

বাফুফের ভিডিও বার্তায় শমিত বলছেন, ‘সবাইকে জানাই ঈদ মোবারক। আপনারা সবাই আনন্দ করুন।’ জামাল ভূঁইয়া বলেছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’ সবার একটাই চাওয়া, পরিবারের সঙ্গে সবাই যেন এবারের ঈদ উপভোগ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনসাধারণের ঢল নামে। ঈদের দিনে তারেকের সঙ্গে আলিঙ্গন করার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন আমিনুল। ক্যাপশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়।’
ঈদের ছুটিতে যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ব্যস্ত সময় পার করছেন দেশের ফুটবলাররা। জাতীয় দল, ছেলেদের অনূর্ধ্ব-২০ দল এবং মেয়েদের অনূর্ধ্ব-২০ দল-এই তিন দলের কারোই এবার পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ নেই। কারণ, সামনে যে অপেক্ষা করছে খেলা। ছেলেরা এরই মধ্যে ভিয়েতনামে পৌঁছে গেছেন।
এমআই/টিকে