কেন বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড?
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ২১ মার্চ, ২০২৬
ঘরের মাঠে এ বছর আয়ারল্যান্ড আতিথেয়তা দেবে ভারত-আফগানিস্তানকে। আয়ারল্যান্ড সফরে থাকতে পারত এশিয়ার আরেক দল বাংলাদেশও। কিন্তু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজটি বাতিল হয়ে গেছে।
এ বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ডে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজে ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। কিন্তু গতকাল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) নিজেদের হোম সিরিজের সূচি প্রকাশ করলে দেখা যায়, বাংলাদেশ সিরিজটি নেই। ক্রিকইনফোর গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল করা হয়েছে। এদিকে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে ম্যাচ সংখ্যা বাড়িয়ে সেটা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ করা হয়েছে।
সূচি অনুযায়ী আয়ারল্যান্ড এ বছর ঘরের মাঠে নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্ট, ভারত সিরিজে দুই টি-টোয়েন্টি ও আফগানিস্তান সিরিজে পাঁচ ওয়ানডে, ঘরের মাঠে আট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি হবে চার দিনের। বেলফাস্টে ২৭ মে শুরু হবে এই টেস্ট। একই মাঠে ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিও খেলবে আয়ারল্যান্ড। আর আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে ব্রিডিতে। শেষ তিন ওয়ানডে আফগানদের বিপক্ষে বেলফাস্টে খেলবে আইরিশরা।

ঘরের মাঠে কম ম্যাচ থাকায় হতাশ আয়ারল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। হোম সিরিজের সূচি প্রকাশের পর বলবার্নি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিথ্যা বলব না। সত্যি বলতে এবারের আন্তর্জাতিক গ্রীষ্মে ঘরের মাঠে মাত্র ৮ ম্যাচ খেলব। তাতে আমি খুবই হতাশ।’ হোম সিরিজে আয়ারল্যান্ডের ছেলেদের চেয়ে তাদের মেয়েদের ম্যাচ সংখ্যা বেশি। মে-জুনে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
সেখানে লিগ পর্বে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাইয়ে তিন ওয়ানডে খেলবেন আয়ারল্যান্ডের মেয়েরা। সেপ্টেম্বরে ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সিরিজেও রয়েছে তিন ওয়ানডে। মাঝে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আইরিশরা। বিশ্বকাপে আয়ারল্যান্ডের গ্রুপে পড়েছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
আইকে/টিকে