ঈদে কী স্পেশাল ডিশে ভক্তদের চমকালেন বাবর আজম?
ছবি: সংগৃহীত
০২:০৭ পিএম | ২২ মার্চ, ২০২৬
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ঈদুল ফিতর উপলক্ষে ভক্তদের চমকে দিয়েছেন ভিন্ন এক রূপে। ক্রিকেট মাঠের বাইরে এবার তাকে দেখা গেল রান্নাঘরে, যেখানে তিনি নিজ হাতে তৈরি করেছেন ঐতিহ্যবাহী ঈদের মিষ্টি ‘শির খুরমা’।
শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন বাবর। সেখানে দেখা যায়, তিনি মনোযোগ দিয়ে সেমাইভিত্তিক জনপ্রিয় এই ডেজার্টটি প্রস্তুত করছেন।
ঈদের আনন্দঘন মুহূর্তে তার এই ব্যতিক্রমী উদ্যোগ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওটির ক্যাপশনে বাবর লিখেছেন ‘Meethi Eid signature, Eid Mubarak, যা তার ব্যক্তিগত উদযাপনের এক ঝলক তুলে ধরেছে। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তাকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার রান্নার প্রশংসায় ভাসান।
এদিকে, চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন বাবর আজম।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক আকিব জাভেদ।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি এই ৩১ বছর বয়সী ব্যাটার।
তবে সামনে রয়েছে পিএসএলের ১১তম আসর, যেখানে পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে মাঠে ফেরার কথা রয়েছে বাবরের। ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
উল্লেখ্য, ২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশওয়ার জালমি প্লাটিনাম ক্যাটাগরিতে ৭০ মিলিয়ন রুপিতে বাবর আজমকে দলে ধরে রেখেছে।
এমআর/এসএন