ফাঁকা মাঠে হবে এবারের পিএসএল, খেলা সীমিত দুই শহরে
ছবি: সংগৃহীত
০৪:০৩ পিএম | ২২ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর অনুষ্ঠিত হবে খালি স্টেডিয়ামে। চলমান পশ্চিম এশিয়ার সংঘাত ও তেল সংকটের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এবারের টুর্নামেন্ট মূলত দুই শহর লাহোর ও করাচিতে সীমাবদ্ধ থাকবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘নিরাপত্তা এবং চলমান সংকটের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি খেলা অনুষ্ঠিত হবে, কিন্তু দর্শক ছাড়া। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’
তিনি আরও জানান, টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে দর্শক উপস্থিতি সম্ভব, তবে তা মূলত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল হলে সম্ভব হবে। তিনি বলেন, ‘সম্ভবত ১০ দিন, সম্ভবত ১৫ দিন-এ পরিস্থিতি শেষ হবে। তবে এখন পর্যন্ত আমরা দর্শক ছাড়া খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
মধ্যপ্রাচ্যে সংঘটিত সংঘাতের কারণে বিশ্বব্যাপী তেল সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব পাকিস্তানেও স্পষ্ট। নাকভী বলেন, ‘প্রধানমন্ত্রী পুরো দেশকে সীমিত চলাচলের জন্য অনুরোধ করেছেন। স্কুল বন্ধ রাখা হয়েছে, বাড়িতে কাজের ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের ছুটি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আমরা মানুষকে স্টেডিয়ামে নিয়ে আসার কথা ভাবতে পারি না।’
প্রতিদিন ৩০,০০০ দর্শক-সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হলে তা দেশটির তেলের সীমিত সরবরাহ ও জনসচেতনতার সঙ্গে সাংঘর্ষিক হবে। তাই সকল ম্যাচ চলবে খালি স্টেডিয়ামে।
নাকভী আশ্বাস দিয়েছেন যে খালি স্টেডিয়ামের কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হলে পিসিবি তা পূরণ করবে। ইতোমধ্যেই যারা টিকিট কিনেছেন, তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
মূলত ছয়টি শহরে খেলার পরিকল্পনা ছিল, তবে এবার পেশোয়ার, মুলতান ও অন্যান্য শহরের ম্যাচ বাতিল হয়েছে। নাকভী বলেন, ‘যেহেতু দর্শক থাকবে না, তাই সেই শহরগুলোতে যাওয়ার প্রয়োজন ছিল না। আমরা আশা করি আগামী বছরে আরও শহরে খেলা অনুষ্ঠিত হবে।’
টিকে/