© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুরুর সান্নিধ্যে আশরাফুলদের ঈদ উদযাপন

শেয়ার করুন:
গুরুর সান্নিধ্যে আশরাফুলদের ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ২৩ মার্চ, ২০২৬
দেশের ক্রিকেটে নীরবে-নিভৃতে অবদান রেখে চলেছেন প্রখ্যাত কোচ ও সাবেক ক্রিকেটার ওয়াহিদুল গনি। তার হাত ধরেই উঠে এসেছেন মোহাম্মদ আশরাফুলসহ দেশের অনেক নামিদামি ক্রিকেটার। প্রিয় এই গুরুর প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন তার বাসায় মিলিত হয়েছিলেন ‘অঙ্কুর’ ক্রিকেট একাডেমির সাবেক ও বর্তমান শিষ্যরা।

কোচ ওয়াহিদুল গনির সঙ্গে মোহাম্মদ আশরাফুলের সম্পর্কটা সবসময়ই নিবিড়। নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা যাকে ঘিরে, সেই গুরুর প্রতি গুরুদক্ষিণা ও কৃতজ্ঞতা জানাতে কখনোই ভোলেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টানা ২৯ বছর ধরে ঈদের পরদিন স্যারের বাসায় গিয়ে মধ্যাহ্নভোজ ও আড্ডা দেওয়ার এই ঐতিহ্য ধরে রেখেছেন তারা।

প্রিয় গুরুর বাসায় কাটানো রঙিন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আশরাফুল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গেট টুগেদার উইথ অঙ্কুর ক্রিকেটারস, ওয়াহিদুল গনি স্যারের বাসায়, যেখানে টানা ২৯ বছরের ঐতিহ্য ধরে রেখেছি আমরা। প্রতি বছর ঈদের পরের দিন একসঙ্গে হওয়া, স্যারের বাসায় লাঞ্চ করা আর স্মৃতিগুলো নতুন করে বাঁচানো। এটাই আমাদের অঙ্কুর পরিবারের সবচেয়ে বড় আনন্দ।’

আশরাফুল ছাড়াও এবারের এই আনন্দ আয়োজনে অংশ নিয়েছিলেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটার রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব। সঙ্গে ছিলেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার অমি। তাদের উপস্থিতি এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে উল্লেখ করে আশরাফুল তার পোস্টে যোগ করেন, ‘ক্রিকেট, বন্ধুত্ব আর ভালোবাসার এই বন্ধন যেন এমনই অটুট থাকে আরও অনেক বছর।’

আইকে/এসএন

মন্তব্য করুন