© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে মেসিকে বাড়তি বিশ্রাম দেবেন না মায়ামি কোচ

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে মেসিকে বাড়তি বিশ্রাম দেবেন না মায়ামি কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ২৩ মার্চ, ২০২৬
আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে লিওনেল মেসির ফিটনেস ও বিশ্রাম নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশ্বকাপ চলাকালে তার বয়স হবে ৩৯, তবে বর্তমান ফর্ম দেখে সেটি বোঝার উপায় নেই। তবুও বড় টুর্নামেন্টের আগে তার বিশ্রামের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

যদিও ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো মনে করেন, মেসির জন্য আলাদা করে বিশ্রামের প্রয়োজন নেই। তার মতে, মাঠে খেললেই মেসি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটিই তার জন্য ভালো।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আগামী শুক্রবার (২৭ মার্চ) মৌরিতানিয়ার বিপক্ষে এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ দুটিতে মেসির খেলার কথা রয়েছে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি মেসি। তিনি প্রতিটি ম্যাচ ধরে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা বলে আসছেন। তবে বড় কোনো চোট না থাকলে তার বিশ্বকাপে অংশ নেয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।



জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার আগে রোববার (২২ মার্চ) নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে মাঠে নামেন মেসি। ওই ম্যাচে একটি গোল করে নিজের ক্যারিয়ারের ৯০১তম গোল পূর্ণ করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির বিশ্রাম প্রসঙ্গে প্রশ্ন উঠলে মাশচেরানো বলেন, 'আমরা তার যত্ন নেয়ার চেষ্টা করি। তবে সে এমন একজন খেলোয়াড়, যে খেলতে থাকলেই ভালো থাকে।'
তিনি আরও বলেন, জাতীয় দলের দায়িত্ব শেষে মেসি ক্লাবে ফিরলে প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। মাশচেরানো বলেন, 'আমাদের লক্ষ্য পূরণে সে অপরিহার্য। তাকে ছাড়া সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন।'

বিশ্বকাপের আগে মেসিকে ঘিরে বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে বলেও স্বীকার করেন মাশচেরানো। তবে বর্তমানে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয়ায় ইন্টার মায়ামির সূচি তুলনামূলক হালকা, যা মেসির ওপর চাপ কমাবে।

আইকে/এসএন

মন্তব্য করুন