পাকিস্তান অ-২০ দলের কোনো ভিডিও ফুটেজ পায়নি বাংলাদেশ
ছবি: সংগৃহীত
১১:৩৮ পিএম | ২৩ মার্চ, ২০২৬
বাংলাদেশে এখনো চলছে ঈদের আমেজ। এর মধ্যেই ফুটবলাঙ্গনে তুমুল ব্যস্ততা। তিন দেশে তিন দল তিন প্রতিযোগিতার জন্য ব্যস্ত। মালদ্বীপের মালেতে আজ থেকে শুরু হয়েছে সাফ অ-২০ টুর্নামেন্ট। আগামীকাল বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ তিন দিন মালেতে অনুশীলন করেছে। প্রথম দুই টার্ফের পর আজই প্রথম ঘাসের মাঠে অনুশীলন করেছে। এ নিয়ে খানিকটা অতৃপ্তি নিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, ‘আমাদরে প্রথম দুই দিনের মাঠ খুব বেশি ভালো ছিল না। তবে আজ ঘাসের মাঠে করেছি। ছেলেরা খেলার জন্য প্রস্তুত।’

প্রতিপক্ষ পাকিস্তান অ-২০ দলের কোনো ভিডিও ফুটেজ নেই বাংলাদেশ দলের কাছে। তাই প্রতিপক্ষ নিয়ে কোনো ধারণা নেই বাংলাদেশের। এ নিয়ে কোচ মিশু বলেন, ‘আমরা নিজেদের খেলা নিয়েই পরিকল্পনা করেছি। পাকিস্তান সম্পর্কে কোনো ধারণা পাইনি কারণ তাদের কোনো ম্যাচ বা অনুশীলন ফুটেজ পাওয়া যায়নি।’
ফরোয়ার্ড মোরশেদ আলী প্রথম ম্যাচে নিয়ে বলেন, ‘দলে কোনও চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ম্যাচটা পাকিস্তানের সঙ্গে। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। অবশ্যই আমরা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’ বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান রয়েছে। তাই অ-২০ দল নিয়ে ফুটবলাঙ্গনে একটু বেশি আগ্রহ।
মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টায় শুরু হবে। প্রথম ম্যাচের পর ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচের বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। ৩ এপ্রিল ফাইনাল।
এমআই/টিএ