ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আজ বিকেলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। গত পরশু দিন তার ভিয়েতনাম আসার কথা থাকলেও তার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছেছেন।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। আজ বিকেলে হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন স্থানীয় সময় বিকেল পাঁচটায়। বাংলাদেশ দলের অনুশীলন ইতোমধ্যে শুরু হয়েছে।
হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। আজ ভিয়েতনামে অনুশীলন শুরু হওয়ায় এবং অনেক ভ্রমণক্লান্তি থাকায় প্র্যাকটিস করার সম্ভাবনা কম। এরপরও অনুশীলন গ্রাউন্ডে সবার সঙ্গে তার দেখা করার ইচ্ছে রয়েছে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ঐ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন।
টিকে/