ফিফার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
০৮:১৮ পিএম | ২৪ মার্চ, ২০২৬
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে মামলা দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এবং ইউরোকনজ্যুমারস। অভিযোগ, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের ‘অত্যধিক মূল্য’ এবং অস্বচ্ছ বিক্রয় প্রক্রিয়া।প্রতিবেদন আল-জাজিরার।
মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এফএসই জানায়, ‘ফিফা তাদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে ইউরোপীয় সমর্থকদের ওপর অযৌক্তিক মূল্য এবং অন্যায্য শর্ত চাপিয়ে দিয়েছে।’
এফএসই দাবি করেছে, ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির ওপর ফিফার একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, এবং তারা এই ক্ষমতা ব্যবহার করে এমন শর্ত আরোপ করেছে যা প্রতিযোগিতামূলক বাজারে গ্রহণযোগ্য নয়। সংস্থাটি আরও জানায়, ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের টিকিট মূল্য ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় অনেক বেশি।
এফএসই’র তথ্য অনুযায়ী, ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম শুরু হচ্ছে ৪,১৮৫ মার্কিন ডলার, যা ২০২২ বিশ্বকাপ ফাইনালের সর্বনিম্ন মূল্যের তুলনায় সাত গুণ বেশি। অন্যদিকে, ইউরো ফাইনালের সবচেয়ে সস্তা টিকিট ছিল মাত্র ৯৫ ইউরো (প্রায় ১০০ ডলার)।
এফএসই আরও জানায়, ফিফা তাদের বিড ডকুমেন্টে গড় টিকিট মূল্য ১,৪০৮ ডলার দেখালেও বাস্তবে সেই সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে।
ফিফার তথ্য অনুযায়ী, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে। প্রতি ব্যক্তি একটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি এবং পুরো টুর্নামেন্টে মোট ৪০টি টিকিট কিনতে পারবেন। এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।