শেষ মুহূর্তে জিম্বাবুয়ের ওপেনারকে দলে নিল নাহিদ-তানজিদের পেশোয়ার
ছবি: সংগৃহীত
১০:০৪ পিএম | ২৪ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগের (পিসিএল) ১১তম আসর শুরুর ঠিক আগ মুহূর্তে দলে আরও এক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করলো নাহিদ রানা-তানজিদ হাসান তামিমদের পেশোয়ার জালমি। জিম্বাবুয়ের উদীয়মান ব্যাটিং তারকা ব্রায়ান বেনেটকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে বেনেটকে জালমি পরিবারে স্বাগত জানান তিনি। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে তিনি ৬ ম্যাচে ১৪৬.০০ গড়ে ২৯২ রান সংগ্রহ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ১,৮৮৮ রান করা বেনেটের জন্য এটিই হতে যাচ্ছে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম অংশগ্রহণ।

বেনেটের পাশাপাশি পেশোয়ার জালমি তাদের স্কোয়াডে যুক্ত করেছে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমকেও। এর ফলে এবারের জালমি স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল তিনে। পেসার নাহিদ রানা এবং শরিফুল ইসলাম আগে থেকেই এই দলের অংশ ছিলেন। হায়দ্রাবাদ কিংস ম্যান এবং রাওয়ালপিন্ডি যুক্ত হওয়ায় এবার মোট ৮টি দল শিরোপার জন্য লড়বে। ৩৯ দিনে অনুষ্ঠিত হবে মোট ৪৪টি ম্যাচ।
একনজরে পেশোয়ার জালমির চূড়ান্ত স্কোয়াড:
বাবার আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, ব্রায়ান বেনেট, তানজিদ হাসান তামিম, আব্দুল সামাদ, আলী রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, খুররাম শাহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, কাশিফ আলী, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ এবং শরিফুল ইসলাম।
আরআই/এসএন