© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিভারপুল অধ্যায়ের শেষ নিয়ে মুখ খুললেন সালাহ

শেয়ার করুন:
লিভারপুল অধ্যায়ের শেষ নিয়ে মুখ খুললেন সালাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ এএম | ২৫ মার্চ, ২০২৬
চলমান মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাহ। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এক্সে দেওয়া সেই ভিডিওবার্তায় সালাহ বলেন, ‘দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের প্রথম অংশ। মৌসুম শেষে আমি লিভারপুল ছেড়ে যাব।’

লিভারপুলের জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ। ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মিসরের এই ৩৩ বছর বয়সী তারকা। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ইয়ান রাশ ও রজার হান্ট।

২০১৭ সালে মিসরের এই ফুটবলার যোগ দেন ক্লাবটিতে। জিতেছেন দুইবার প্রিমিয়ার লিগে, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, সুপার কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ।

লিভারপুলকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সালাহ বলেন, ‘আমি কখনো ভাবিনি এই ক্লাব, এই শহর এবং এখানকার মানুষ আমার জীবনের এত বড় অংশ হয়ে উঠবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস, একটি চেতনা।’

তিনি আরও বলেন, ‘যারা এই ক্লাবের অংশ নয়, তাদের কাছে এই অনুভূতি বোঝানো সম্ভব নয়। আমরা একসঙ্গে জয় উদযাপন করেছি, গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছি এবং কঠিন সময়েও লড়াই করেছি।’

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে সালাহ বলেন, ‘আমার সময়কালে যারা এই ক্লাবের অংশ ছিলেন—বর্তমান ও সাবেক সতীর্থদের ধন্যবাদ। আর সমর্থকদের জন্য আমার কাছে যথেষ্ট শব্দ নেই। ক্যারিয়ারের সেরা সময়ে যেমন আপনারা পাশে ছিলেন, তেমনি কঠিন সময়েও সমর্থন দিয়েছেন। এটি আমি কখনো ভুলব না।’

২০১৯-২০ মৌসুমে লিভারপুলের ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ। সেবার দলটি প্রিমিয়ার লিগ জেতে। গত মৌসুমেও ২৯ গোল করে দলকে আরেকটি শিরোপা জয়ে সহায়তা করেন তিনি।

তবে তার বিদায়ের ইঙ্গিত মিলেছিল আগেই। গত নভেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা জানান সালাহ। টানা তিন ম্যাচ বেঞ্চে রাখায় ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেছিলেন, ক্লাব তাকে ‘বিপদের মুখে ফেলে দিয়েছে’ এবং কোচের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

টিজে/টিকে 

মন্তব্য করুন