© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৌলতদিয়া ঘাটে চাপ নেই, স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

শেয়ার করুন:
দৌলতদিয়া ঘাটে চাপ নেই, স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ২৫ মার্চ, ২০২৬
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি নিয়ে সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

বুধবার (২৫ মার্চ) সকালে ঘাটে কোনো চাপ না থাকলেও দুপুর থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড়ে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই যানবাহন এবং যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন। পুলিশ প্রশাসনের নজরদারি থাকায় এবার ঈদফেরত যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পার হতে পারছে দৌলতদিয়া ঘাট দিয়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, তবে ঘাটে কোনো চাপ নেই। কোনো যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। তিনটি ঘাট সচল রয়েছে।

যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে লোকাল যাত্রীরা বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। লঞ্চেও যাত্রীরা ভোগান্তি ছাড়াই পার হতে পারছেন।

আরআই/এসএন

মন্তব্য করুন