কোচিং জগতে প্রবেশ করলেন ডি মারিয়া
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ২৫ মার্চ, ২০২৬
৩৮ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই অ্যাঞ্জেল ডি মারিয়ার। মাঠে সাফল্যমন্ডিত ক্যারিয়ারের পর এবার ডাগআউটের দিকেও চোখ পড়েছে আর্জেন্টাইন মহাতারকার। রোজারিওতে কোচিং কোর্স সম্পন্ন করে আনুষ্ঠানিক সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন ডি মারিয়া। ভবিষ্যতে রোজারিও সেন্ট্রালের ফুটবলারকে দেখা যেতে পারে দলের কৌশল নির্ধারণের দায়িত্বে।
রোজারিও সেন্ট্রালের ইনডিপেন্ডিয়েন্টে রিভাদাভিয়ার ম্যাচের আগে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের স্কুল তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ডি মারিয়ার কোচের সার্টিফিকেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তারা লিখেছে, ‘অভিনন্দন, কোচ! আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ডি মারিয়া-কে তার সার্টিফিকেশন অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের ছাত্র হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’ জবাবে ‘এল ফিদিও’ তাঁর ইনস্টাগ্রামে বলেন, ‘সবকিছুর জন্য অনেক ধন্যবাদ।’

ডি মারিয়া কোচের লাইসেন্স পাওয়ার আগে তাঁর সাবেক আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস একসঙ্গে কোচিং স্টাফে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’কে এই মিডফিল্ডার বলেন, ‘আমি সবসময় বলেছি, অবসরের পরে আমি ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। কিন্তু সময় যত যাচ্ছে, ইচ্ছে তত বাড়ছে। আমি জানি না কোচিং করব কি না, কিন্তু অবশ্যই কোচিং স্টাফের অংশ হব। ফিদে কোচ হতে চায়, তাই হয়তো সেটা তার সঙ্গে হবে। আমরা এটা অনেক আগে প্যারিসে আলোচনা করেছিলাম; সে উৎসাহী। অবশ্যই, আমাদের প্রস্তুতি নিতে হবে।’
সঙ্গী হিসেবে সতীর্থ ও প্রিয় বন্ধু পারেদেসকে পাশে রাখার পরিকল্পনার কথা বলেছিলেন ডি মারিয়া। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘আমরা একসঙ্গে কোচিং করানোর চেষ্টা করব। পারেদেস আমার ছোট ভাইয়ের মতো, আমাদের পরিবারগুলোর মধ্যেও দারুণ সম্পর্ক। আমরা অনেকবার এই বিষয়ে কথা বলেছি।’
২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি তুলে রাখার ঘোষণা দেন ডি মারিয়া। বর্তমানে আর্জেন্টিনায় শৈশবের ক্লাব রোজারিওর হয়ে খেলছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ২০২৫ সালে তিনি সেই ক্লাবে ফিরে এসেছিলেন যেখানে শুরু হয়েছিল তাঁর ফুটবলের হাতেখড়ি।
বর্তমানে রোজারিও সেন্ট্রালের হয়ে ‘তর্নিও আপারতুরা’ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন ডি মারিয়া। জোন বি-র শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে ইন্ডিপেনডিয়েন্ট রিভাদাভিয়ার মুখোমুখি হবে দি মারিয়ার দল। বর্তমানে জর্জ আলমিরোনের অধীনে থাকা রোজারিও সেন্ট্রাল ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরের দিকেই আছে।
এছাড়া সামনেই ডি মারিয়াদের রয়েছে কোপা লিবার্তাদোরেসের চ্যালেঞ্জ। গ্রুপ ‘এইচ’-এ ইকুয়েডরের ইন্ডিপেনডিয়েন্ট দেল ভালে, প্যারাগুয়ের লিবের্তাদ এবং ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে লড়বে রোজারিও। আগামী ৯ এপ্রিল ঘরের মাঠে ইকুয়েডরের ক্লাবের বিপক্ষে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অভিষেক হবে ডি মারিয়াদের।
আরআই/এসএন