© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ শহরে দেড় কোটি টাকার দুষ্প্রাপ্য বই উপহার হলান্ডের

শেয়ার করুন:
নিজ শহরে দেড় কোটি টাকার দুষ্প্রাপ্য বই উপহার হলান্ডের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ২৫ মার্চ, ২০২৬
নিজ জন্মশহর ব্রাইনের লাইব্রেরিতে ষোড়শ শতাব্দীর একটি বিরল ভাইকিং পাণ্ডুলিপি উপহার দিয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আরলিং হলান্ড। ১৩ লক্ষ নরওয়েজীয় ক্রাউন (এক কোটি ৫৬ লক্ষ টাকা) দিয়ে কেনা এই ঐতিহাসিক বইটি এখন থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। নিজ শহরের তরুণ প্রজন্ম এই বইয়ের মাধ্যমে হাজার বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানুক, এমনটিই চান নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

গত ডিসেম্বরে হলান্ড এবং তার বাবা ১৩ লক্ষ নরওয়েজীয় ক্রাউন (প্রায় ১ লক্ষ পাউন্ড) দিয়ে এই পাণ্ডুলিপিটি কেনেন। এটি নরওয়ের ইতিহাসে কোনো বই বিক্রির সর্বোচ্চ রেকর্ড। ১৫৯৪ সালে মুদ্রিত এই বইটি মূলত ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক স্নোরি স্টারলুসনের। এতে মধ্যযুগীয় ভাইকিং রাজা, রানী, কৃষক এবং যোদ্ধাদের বীরত্বগাথা বর্ণিত রয়েছে।

হলান্ড এই অমূল্য সম্পদটি নিজের কাছে না রেখে ব্রাইনের পাবলিক লাইব্রেরিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সাধারণ মানুষ এটি দেখতে ও পড়তে পারে।



তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি চাই বইটি সবসময় খোলা থাকুক, যাতে মানুষ আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানতে পারে- যারা আমার এই ব্রাইন এবং জায়রেন অঞ্চল থেকে উঠে এসেছিলেন।’

হলান্ড আরও যোগ করেন, ‘আমি ফুটবলের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছি, কিন্তু সবাই সেই সুযোগ পায় না। বই অনেক মানুষকে বড় স্বপ্ন দেখার, নতুন সম্ভাবনা খোঁজার এবং নিজের পথ খুঁজে নেওয়ার সুযোগ করে দেয়।’

২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

এছাড়া গত বছর বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করে তিনি নরওয়েকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে তোলেন।

এমআর/টিকে 

মন্তব্য করুন