শিরোপা ফিরে পেতে ক্রীড়া আদালতে সেনেগালের আপিল
ছবি: সংগৃহীত
০২:৩৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা পুনরুদ্ধারের জন্য ক্রীড়া বিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে সেনেগালিজ ফুটবল ফেডারেশন।
বুধবার (২৬ মার্চ) এক বিবৃতিতে আপিল আবেদন নথিভুক্ত করে দ্রুত রায়ের কথা জানিয়েছে সিএএস।
গত ১৮ জানুয়ারি আফকন ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল। তবে ১৭ মার্চ কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেই স্কোরলাইন পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। যার ফলে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ ট্রফিটি সেনেগালের বদলে ওঠে মরক্কোর হাতে।
ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় স্বাগতিক মরক্কোকে একটি পেনাল্টি দেওয়া হলে তার প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। পরে ফিরে এসে ম্যাচ জিতলেও শিরোপার বরমাল্য রেখে দিতে পারেননি সাদিও মানেরা।
মরক্কোকে জয়ী ঘোষণা করার পর ক্ষুব্ধ সেনেগাল তখনই আপিল করার কথা জানিয়েছিল। গতকাল সিএএস আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন নথিভুক্ত করেছে। তবে সালিশি কার্যক্রম সম্পন্ন করতে কত দিন সময় লাগতে পারে, সে ধারণা দেওয়া হয়নি।
এবি/টিএ
এবি/টিএ