ঢাকা লিগ না হওয়া প্রসঙ্গে ফারুক, ‘বিসিবির কিচ্ছু করার নেই’
ছবি: সংগৃহীত
১০:৩৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ক্রিকেট বোর্ড আর ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে দ্বন্দ্ব এখনো চলমান। এই কারণে প্রথম বিভাগ ক্রিকেটে অংশ গ্রহণ করেনি ঢাকার অধিকাংশ ক্লাব। ঢাকা লিগেও অধিকাংশ দল অংশগ্রহণ না করায় হচ্ছে না এবারের আসর। এনিয়ে কথা বললেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।
আজ মিরপুরে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা এটা কিন্তু একান্তই....আমি দেখি খেলোয়াড়দের কাছ থেকে একটা কথাশুনি যে ক্রিকেট বোর্ডের কাছে যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান করেছি, আপনারা যেটাই করেন দিনশেষে ক্রিকেট বোর্ড থাকবে। ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কী হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে গড়ানো দরকার।’

বিসিবির সহ-সভাপতি আরও বলেন, ‘আমি ক্লাবগুলোকে এখনো অনুরোধ করব। সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তবা ক্রিকেট বোর্ড বদলে গেল একটা সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এজন্য আমি বারবার বলছি এবং খেলোয়াড়দের আমি মনে করি আরও সক্রিয় হয়ে তাদের নির্দিষ্ট যে যে ক্লাব আছে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নেই।’
ফারুক পরে ব্যাখ্যা করে আরও বলেন, ‘প্রথম বিভাগে ১২টা দল নিয়ে খেলেছে, ৮টা দল নিয়ে একটা টুর্নামেন্ট করেছি। আমাদের দ্বিতীয় বিভাগ শেষ হয়েছে ১২টা দল নিয়ে, আরও দলগুলো নিয়ে খেলার কথা রয়েছে। তৃতীয় বিভাগ শুরু করব হয়ত এক সময়। সুতরাং ক্রিকেট বোর্ড তাদের দিক থেকে যতটুকু করার চেষ্টা করছে। এখন বাকিটা বিবেচনার দায়িত্ব আপনাদের।’
এসএস/এসএন