© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিয়েতনাম ম্যাচের ভুল সিঙ্গাপুর ম্যাচে দেখতে চান না কোচ কাবরেরা

শেয়ার করুন:
ভিয়েতনাম ম্যাচের ভুল সিঙ্গাপুর ম্যাচে দেখতে চান না কোচ কাবরেরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ এএম | ২৭ মার্চ, ২০২৬
ভিয়েতনামের বিপক্ষে ফয়সাল আহমেদ ফাহিমের একটি শট ছিল লক্ষ‍্যে। এর বাইরে উল্লেখ করার মতো সোহেল রানার শট ক্রসবারের উপর দিয়ে উড়ে গেছে একবার। ভিয়েতনামের বিপক্ষে হারের পর ফিনিশিংয়ের ব্যর্থতায় এই সুযোগগুলো নষ্ট হওয়ায় নিয়ে হতাশা ঝরল হাভিয়ের কাবরেরার কণ্ঠে। তবে, দ্বিতীয়ার্ধে গোল হজম না করার প্রসঙ্গ টেনে বাংলাদেশ কোচ যেন তৃপ্তির ঢেকুর তুলতে চাইলেন। বললেন, ইতিবাচক থাকার কথা।

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশ। তিনটি গোলই কাবরেরার দল হজম করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ভিয়েতনামের একটি প্রচেষ্টা পোস্টে লেগে না ফিরলে ব্যবধান বাড়ত আরও। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দ্বিতীয়ার্ধ নিয়েই যত কথা কাবরেরার।



“আমার মনে হয়, পারফরম্যান্সের দিকে তাকালে বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলা খুবই ইতিবাচক ছিল। তবে আজ আমরা এই পরীক্ষা থেকে যা শিখলাম তা হলো, এই মানের দলের বিপক্ষে আমরা আজ যে ভুলগুলো করেছি, তার মাশুল সবসময় ম্যাচ হেরেই দিতে হবে। আমরা দুটি সেট-পিস থেকে গোল খেয়েছি এবং এমনকি তৃতীয় গোলটিও এড়ানো সম্ভব ছিল। যাই হোক, এই মানের দলগুলোর তুলনায় আমরা বর্তমানে ঠিক কোন অবস্থানে আছি, তা দেখার জন্য এটি একটি খুব ইতিবাচক পরীক্ষা ছিল। এখন সময় ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার। ম্যাচে অনেক ভালো দিকও ছিল এবং সিঙ্গাপুরে জয় পাওয়ার জন্য আমাদের সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

“আমার মনে হয়, মূল পার্থক্যটা সম্ভবত ফিনিশিংয়ের ক্ষেত্রে। তাদের ফিনিশিংয়ের ধরণ এবং আমাদের ফিনিশিংয়ের মধ্যে তফাৎ ছিল। তারা সুযোগগুলো যেভাবে কাজে লাগাতে পেরেছে, আমরা তা পারিনি। আমাদেরও গোল করার সুযোগ ছিল, কিন্তু সেই শেষ মুহূর্তের কাজটুকু নিখুঁতভাবে আমরা করতে পারিনি, যা আমাদের অন্তত একটি গোল এনে দিতে পারত। তবে এছাড়া হাই প্রেস, গোল কিক, রক্ষণভাগ সামলানো এবং আক্রমণ তৈরির পরিকল্পনাগুলো আমাদের চিন্তা অনুযায়ীই হয়েছে। আমি মনে করি আমরা বল নিয়ে এগিয়ে যাওয়ার এবং সুযোগ তৈরির পথগুলো খুঁজে পেয়েছিলাম।”

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে পথের শেষে দাঁড়িয়ে বাংলাদেশ। পাঁচ ম্যাচে একটি জয় ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে দল। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচটি জামাল-শ্রাবণদের জন্য শেষ ভালোর সুযোগ। সে সুযোগটি কাজে লাগাতে ভিয়েতনাম ম্যাচের ভুলের পুনরাবৃত্তি কোচ দেখতে চান না সিঙ্গাপুরের বিপক্ষে।

“আমরা জানতাম এটি একটি অত্যন্ত কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা ভিয়েতনামের মান এবং তাদের ফুটবল খেলার ধরণ ও উন্নতি সম্পর্কে জানি। সত্যি বলতে, আমার মনে হয় আমরা তাদের বিরুদ্ধে খুব ভালো লড়াই করেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তারা আমাদের কিছুটা অবাক করে দিয়েছিল, বিশেষ করে কয়েকবার সেট-পিসে।”

“যেমনটা আমরা আলোচনা করছিলাম, ভিয়েতনাম যখন সুযোগ পেয়েছে, তারা গোল করার খুব কাছাকাছি পৌঁছেছে বা গোলটি করেছে। আমাদেরও গোল করার কিছু সুযোগ ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, কিন্তু ম্যাচে ফেরার জন্য সম্ভবত সেই চূড়ান্ত ফিনিশিংটুকুতে আমরা ব্যর্থ হয়েছি। তবে আমাদের ইতিবাচক থাকতে হবে, আমরা কিছু সুযোগ তৈরি করতে পেরেছি এবং আশা করছি, সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সেগুলো কাজে লাগিয়ে গোল করতে পারব।”

আরআই/টিএ

মন্তব্য করুন