প্লে-অফের ফাইনালে ইতালি, এখনও রয়েছে বিশ্বকাপের আশা
ছবি: সংগৃহীত
০৬:২২ এএম | ২৭ মার্চ, ২০২৬
বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা।
ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। বরং নিষ্প্রভ পারফরম্যান্সে বিরতিতে যাওয়ার সময় নিজেদের মাঠেই দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয় স্বাগতিক খেলোয়াড়দের।
প্রথমার্ধে একচেটিয়া বল দখল থাকলেও আক্রমণগুলো ছিল ধারালো ছিল না। উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষক বেশ কয়েকটি সুযোগ সহজেই সামাল দেন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দু’দলকে।
দ্বিতীয়ার্ধে ফিরে এসে অনেক বেশি আগ্রাসী ও সংগঠিত ইতালিকে দেখা যায়। মাঝমাঠে সান্দ্রো টোনালি ও আক্রমণে মোইজে কিনের সক্রিয়তা দলকে দ্রুতই ম্যাচে ফিরিয়ে আনে। বিরতির পর অষ্টম মিনিটেই একটি সহজ সুযোগ নষ্ট করেন মাতেও রেতেগি, তবে চাপ ধরে রাখে ইতালি।
অবশেষে ৫৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ডান দিক থেকে মাত্তেও পলিতানোর ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে পুরোপুরি ক্লিয়ার না হওয়ায় বল বক্সের সামনে চলে আসে। সেখান থেকে দুর্দান্ত হাফ-ভলিতে জোরালো শটে গোল করেন সান্দ্রো টোনালি।
গোল পাওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় ইতালির খেলায়। একের পর এক আক্রমণে উত্তর আয়ারল্যান্ডকে চাপে রাখে তারা। একবার কিনের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ হয় ৮০তম মিনিটে।

এই গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টোনালি। তার তৈরি করা আক্রমণ থেকে বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান মোইজে কিন। বল পোস্টে লেগে ভেতরে ঢুকে গেলে নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়।
এই জয়ের ফলে প্লে-অফ ফাইনালে উঠে গেছে ইতালি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনা। ফাইনাল ম্যাচের জয়ী দলই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।
এর আগে টানা দুই বিশ্বকাপের প্লে-অফে ব্যর্থ হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করতে পারেনি ইতালি। সেই ব্যর্থতার ছায়া কাটিয়ে এবার আরেক ধাপ সামনে এগোলো তারা।
একই প্লে-অফ পর্বে অন্য ম্যাচগুলোতেও নাটকীয়তা দেখা গেছে। ঘুরে দাঁড়িয়ে পোল্যান্ড ২-১ গোলে আলবেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন। সুইডেন ৩-১ ব্যবধানে ইউক্রেনকে হারিয়ে শেষ ধাপে পৌঁছায়।
অন্যদিকে কসোভো স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ তুরস্ক। এছাড়া ডেনমার্ক ৪-০ গোলে নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এবং তারা খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।
এসকে/টিএ