ব্যস্ত সূচি ঘোষণা বিসিসিআইয়ের, ১৭ ভেন্যুতে ২২ ম্যাচ খেলবে ভারত
ছবি: সংগৃহীত
১১:১৫ এএম | ২৭ মার্চ, ২০২৬
ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যস্ত এই মৌসুমে ভারত জাতীয় ক্রিকেট দল তিন সংস্করণ মিলিয়ে খেলবে মোট ২২টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে দেশের ১৭টি ভেন্যুতে।
সূচি অনুযায়ী, ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে চারটি দল— ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পুরো মৌসুমে রয়েছে পাঁচটি টেস্ট, নয়টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি।
২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের মৌসুম। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়ানরা। এরপর ডিসেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

২০২৭ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে।
মৌসুমের শেষ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত, যা বোর্ডার-গাভাস্কার ট্রফি হিসেবে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ জানুয়ারি নাগপুরে এবং শেষ টেস্ট ২৭ ফেব্রুয়ারি আহমেদাবাদে।
মুম্বাই ও কলকাতায় এই সিরিজে কোনো টেস্ট রাখা হয়নি। তবে গুয়াহাটিতে টানা দ্বিতীয় মৌসুমে টেস্ট আয়োজন করা হচ্ছে, যা এই ভেন্যুর জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় এই ভেন্যুর।
টিজে/এসএন