© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্টেডিয়ামে ঢুকতে না পেরে সংবাদ সম্মেলন বাতিল করলেন ভারতীয় কোচ-খেলোয়াড়

শেয়ার করুন:
স্টেডিয়ামে ঢুকতে না পেরে সংবাদ সম্মেলন বাতিল করলেন ভারতীয় কোচ-খেলোয়াড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ২৭ মার্চ, ২০২৬
আগামী ৩১ মার্চ কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচ খেলবে ভারত। হংকংয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে স্বাগতিক কোচ খালিদ জামিল এবং কয়েকজন ফুটবলার স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন। যার নেপথ্য কারণ হিসেবে বলা হচ্ছে– স্টেডিয়াম কর্তৃপক্ষকে নিরাপত্তা ডিপোজিটের বকেয়া পরিশোধ করেনি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন।

কোচ এবং খেলোয়াড়রা স্টেডিয়ামে প্রবেশ করতে না পারায় ভারতীয় দলের নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে তারা বলছে, কেরালা সকার অ্যাসোসিয়েশন জওহরলাল নেহেরু স্টেডিয়ামের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ডিপোজিটের অর্থ রাজ্য কর্তৃপক্ষকে পরিশোধ করেনি বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) মুখপাত্র।

ওই ঘটনার পর ভারত-হংকং ম্যাচ কেরালা স্টেডিয়ামে হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সূচি ও পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি মাঠে গড়াবে বলে এক বিবৃতিতে জানিয়েছে এআইএফএফ। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তারা লিখেছে, আমাদের পূর্ণ বিশ্বাস– কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সঙ্গে সকল সৌজন্যতা সম্পন্ন করবে। একইসঙ্গে নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে ভারত-হংকং ম্যাচ।



এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবর– জওহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসন্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলন করার কথা ছিল। সেলক্ষ্যে কোচ জামিল, ফুটবলার আশিক কুরুনিয়ান, সাহাল আবদুল সামাদ ও বিজয় বর্গিস সময়মতো পৌঁছেও যান ভেন্যুতে। কিন্তু গেট খোলেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। গ্রেটার কোচি ডেভেলপমেন্ট অথরিটির (জিসিডিএ) নিরাপত্তারক্ষীরা তাদের ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত ওই স্থান ত্যাগ করতে হয় ভারতীয় কোচ-খেলোয়াড়দের।

জানা গেছে, এমন ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারিতেও ওই স্টেডিয়ামে একই কারণে ঝামেলায় পড়েছিল ঘরোয়া ক্লাব কেরালা ব্লাস্টার্স। আইএসএল ম্যাচের আগে খেলোয়াড় ও স্টাফ কেউ স্টেডিয়ামে ঢুকতে পারেননি।

অর্থাৎ, একই সমস্যা ঘুরেফিরে রয়ে গেছে এই ভেন্যুকে কেন্দ্র করে। জিসিডিএ স্টেডিয়ামের মালিক, তবে ম্যাচ আয়োজন করে কেএফএ। দু’পক্ষের মধ্যে সমন্বয়হীনতার ঘটনা এবার জাতীয় দলের ম্যাচের আগেও দেখা গেল।

টিজে/এসএন

মন্তব্য করুন