ফিটনেস টেস্টে ফেল, লঙ্কান পেসারকে নিয়ে বেঙ্গালুরুর আরেকটি ধাক্কা!
ছবি: সংগৃহীত
০৬:০৯ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ধর্ষণ মামলায় আইনি লড়াইয়ের মধ্যে আছেন যশ দয়াল। বাঁহাতি পেসার আসন্ন আইপিএলে খেলবেন না। এছাড়া জশ হ্যাজলউডের খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাম্পে লাগল আরেকটি ধাক্কা। ফিটনেস টেস্টে পাস করতে পারেননি বলে নুয়ান থুশারাকে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ম্যাচ খেলে কাফ স্ট্রেইন নিয়ে ছিটকে যান তিনি। আপাতত পুনর্বাসনে আছেন।
অবশ্য পুরো টুর্নামেন্ট থেকে থুশারা ছিটকে গেছেন কি না, তা নিশ্চিত নয়। আপাতত তাকে শুরুর দিকের বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা ক্রিকেটের বাধ্যতামূলক ফিটনেস টেস্টে ফেল করেছেন এই পেসার। এজন্য তাকে আইপিএলে খেলতে অনুমতি দেয়নি এসএলসি।
বোর্ডের ফিটনেস টেস্টের পাঁচটি ভিন্ন মেট্রিকসজুড়ে ২৯ পয়েন্টের মধ্যে পাস মার্ক ১৭ তুলতে পারেননি থুশারা। এসএলসি-র প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা শুক্রবার ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়নি ৩১ বছর বয়সী পেসারকে। তাতে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচে থাকছেন না থুশারা। ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সম্ভবত খেলবেন না।
পরে আরেকটি পরীক্ষায় যদি থুশারা ফেল করেন, তাহলে নিকট ভবিষ্যতে কোনো ধরনের ক্রিকেট খেলতে অনুমোদন দেওয়া হবে না তাকে। তার জন্য ভালো খবর, তিনি আরেকবার ফিটনেস টেস্ট দিতে পারবেন, কিন্তু সেটা হবে চার থেকে পাঁচদিনের বিরতি দিয়ে।

২০২৪ সালে প্রায় পাঁচ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল থুশারার। ওইবার ৭ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। পরে ২০২৫ সালে তাকে কিনে নেয় বেঙ্গালুরু। কিন্তু প্রথম শিরোপা অর্জনের অভিযাত্রায় তাকে এক ম্যাচ খেলতে দেখা গেছে। এবার এই পেসারকে ধরে রাখে চ্যাম্পিয়নরা।
আরও দুই প্রখ্যাত শ্রীলঙ্কা ক্রিকেটার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে। আইপিএলে খেলার জন্য এনওসি পেতে যে ফিটনেস টেস্ট, সেটা দুজনের একজনকেও দিতে হয়নি। গত নিলামে হাসারাঙ্গা ২ কেটি রুপিতে লখনউতে ভিড়েছেন, আর ১৮ কোটি রুপিতে পাথিরানা কলকাতা নাইট রাইডার্সে।
শুরুর দিকে কলকাতা পাথিরানাকে না পেলেও এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি ফিরতে পারেন মাঠে। সেই লড়াই লড়তে এই লঙ্কান পুনর্বাসনে আছেন। হাসারাঙ্গাও শুরু থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ছিটকে যেতে হয়েছে।
এসকে/টিএ