© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সার্বিয়াকে উড়িয়ে দিল স্পেন, সাত গোলের রোমাঞ্চে জার্মানির জয়

শেয়ার করুন:
সার্বিয়াকে উড়িয়ে দিল স্পেন, সাত গোলের রোমাঞ্চে জার্মানির জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ২৮ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও জার্মানি দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে। এক ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন, আর অন্য ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে জয় পেয়েছে জার্মানি।

প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্পেন। ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারাজাবাল। বক্সের বাম দিক থেকে শক্তিশালী শটে গোল করে কোনো সুযোগই দেননি গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচকে।


 
এরপর আরো কয়েকটি সুযোগ তৈরি করে স্প্যানিশরা। লামিনে ইয়ামালের শট পোস্টে লাগে, আর ফেরমিন লোপেজের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষদিকে আবারও জ্বলে ওঠেন ওয়ারজাবাল, দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি সার্বিয়া। তাদের একটি গোল ফাউলের কারণে বাতিল হলে শেষ আশা ভঙ্গ হয়। শেষদিকে বদলি খেলোয়াড় ভিক্টর মুনিয়োজ অভিষেক ম্যাচেই গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্পেন।

অন্যদিকে বাসেলে অনুষ্ঠিত ম্যাচে সাত গোলের রোমাঞ্চ উপহার দেয় জার্মানি ও সুইজারল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও ৪-৩ গোলে জয় তুলে নেয় জার্মানি। ম্যাচের ১৭তম মিনিটে ড্যান এনদোয়ে গোল করলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তবে জনাথন তাহ হেড করে সমতা ফেরায় জার্মানিকে। এরপর ব্রিল এম্বোলো আবার দলকে এগিয়ে নিলেও প্রথমার্ধের শেষদিকে সের্গে গ্নাব্রি গোল করে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। ৬১ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজ দারুণ এক শটে দলকে এগিয়ে দেন। যদিও বদলি জোয়েল মন্টেইরো গোল করে আবার সমতা ফেরান। তবে শেষ হাসি হাসে জার্মানিই। ম্যাচের ৮৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন উইর্টজ। পাস্কাল গ্রসের সহায়তায় নিখুঁত ফিনিশে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, যা শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়। এই ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট করে জার্মানির চারটি গোলেই অবদান রাখেন উইর্টজ। অন্যদিকে জোড়া গোল করে স্পেনের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ওয়ারজাবাল।

আরআই/টিএ

মন্তব্য করুন