© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালাহকে আরও ছয়-সাত বছর খেলতে দেখতে চান ক্লপ

শেয়ার করুন:
সালাহকে আরও ছয়-সাত বছর খেলতে দেখতে চান ক্লপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ২৮ মার্চ, ২০২৬
মোহামেদ সালাহর লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে চলতি মৌসুম শেষেই। তবে ফুটবলের আঙিনায় তার বিচরণের সমাপ্তি এখনও দূরের পথ বলেই মনে করেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের সাবেক কোচের বিশ্বাস, ৪০ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন মিশরীয় এই তারকা।

২০১৭ সালে রোমা থেকে সালাহকে লিভারপুলে এনেছিলেন ক্লপ। দুজনের রসায়ন জমে উঠেছিল দ্রুতই। লিভারপুলের ইতিহাসের দারুণ কিছু সাফল্য ধরা দেয় এই জুটির সৌজন্যে। ক্লপের কোচিংয়ে দুটি লিগ কাপ, একটি করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও কমিনিউনিটি শিল্ড জয় করে লিভারপুল। প্রতিটিতেই সালাহর ছিল উল্লেখযোগ্য অবদান।



সেই বন্ধন ছিন্ন ২০২৪ সালে, যখন লিভারপুল ছেড়ে কোচিং থেকে বিরতিতে যান ক্লপ। নতুন কোচ আর্না স্লটের কোচিংয়েও সালাহ ঠিকই ছুটতে থাকেন শ্রেষ্ঠত্বের পথ ধরে। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে ক্লাবকে এনে দেন প্রিমিয়ার লিগের শিরোপা। তবে এবারের মৌসুমেই কোচের সঙ্গে শুরু হয় তার টানাপোড়েন। শেষ পর্যন্ত কদিন আগে ৩৩ বছর বয়সী তারকা ঘোষণা দেন, এই মৌসুম শেষেই বিদায় বলবেন প্রিয় আঙিনাকে।

প্রিয় শিষ্যর বিদায়ের ঘোষণার পর ক্লপের প্রতিক্রিয়া জানা গেল শনিবার লিভারপুলের লেজেন্ডস চ্যারিটি ম্যাচের আগে। সালাহকে তিনি খুব ভালো করে চেনেন, ভেতরটাও জানেন। ফুটবলার হিসেবে তার বিশেষত্ব তুলে ধরে ভবিষ্যতের জন্যও শুভ কামনা জানালেন সাবেক কোচ।

“পেশাদার ফুটবলারদের সম্পূর্ণ নতুন মানদণ্ড স্থাপন করেছে সে- কতটা কঠোর পরিশ্রম করা যায়, রিকভারি ও সবকিছুর জন্য কতটা মনোযোগ ও সময় দেওয়া যায়। এখন সে এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু সে যদি আরও ছয় বা সাত বছর খেলে, অবাক হব না আমি। আমার খারাপ লাগছে (সে লিভারপুল ছেড়ে যাওয়ায়)। তবে নিঃসন্দেহে সে ক্লাবের সর্বকালের সেরা একজন এবং তার ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত।”

লিভারপুলের ইতিহাসের সেরা ফুটবলারের একজন শেষটা যেভাবে করছেন, তাতে অনেকেরই আক্ষেপ আছে। তবে ক্লপ এটিকে দেখছেন পেশাদার দিক থেকেই। “মো এবং আমার স্বপ্ন ছিল বড়, কিন্তু আমরা এত বড় স্বপ্ন দেখার সাহস করিনি। আমার সত্যিই মনে হয়, পুরো সম্পর্কটা ছিল বাস্তবতাভিত্তিকই। অসাধারণ একজন ফুটবলার সে, দুর্দান্ত পরিসংখ্যান তার এবং অবশ্যই কিছু টাকাও উপার্জন করেছে। এবং এখন যেখানে খুশি যেতে পারে সে এবং ক্লাবকে অন্য ফুটবলার খুঁজে বের করতে হবে এবং তারা তা করবেও। সব মিলিয়ে, এটা একদম ঠিকই আছে।”

আরআই/টিএ

মন্তব্য করুন