© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে রিশাদের রাওয়ালপিন্ডিকে ৫ উইকেটে হারাল শরিফুলের পেশোয়ার

শেয়ার করুন:
পিএসএলে রিশাদের রাওয়ালপিন্ডিকে ৫ উইকেটে হারাল শরিফুলের পেশোয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ পিএম | ২৮ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের প্রথম ম্যাচটি হয়েছে হাই-স্কোরিং। ৪৩২ রানের ম্যাচে রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে শরিফুল ইসলামের পেশোয়ার জালামি।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি। জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় পেশোয়ারের।

লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ে নেমে ভাল সূচনা পায় তারা। ওপেনিং জুটিতেই আসে ১২৫ রান। ৩২ বলে ৪১ রান করে আউট হন রিজওয়ান। এদিকে ফিফটির দেখা পান অন্য ওপেনার ইয়াসির খান। তার ইনিংস থামে ৮৩ রানে। মাত্র ৪৬ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও ছয়টি ছয়ে সাজানো।

এরপর ব্যাট হাতে ২০ বলে ৩৭ রান কামরান গুলাম, ৮ বলে ১৮ রান স্যাম বিলিংস ও ২ বলে ৫ রান করেন আব্দুল্লাহ ফজল।



৪ ওভার বল করেও কোনো উইকেট পাননি শরিফুল ইসলাম। তবে হাই-স্কোরিং ম্যাচে বল হাতে মিতব্যয়ী ছিলেন তিনি। খরচ করেছেন মাত্র ৩১ রান।

রান তাড়া করতে নেমে ভাল সূচনা পায় পেশোয়ার জালমি। উদ্বোধনী জুটিতে বাবর আজম ও মোহাম্মদ হারিস মিলে তোলেন ৭৮ রান। ২৮ বলে ৪৭ রানে মোহাম্মদ হারিস ও ২৮ বলে ৩৯ রানে বাবর সাজঘরে ফেরেন। আর আউট হওয়ার আগে কুশল মেন্ডিস ১৭ বলে ৩১ ও অ্যারন হার্ডি ১০ বলে ৮ রান করেন।

শেষ ৫ ওভারে দরকার ছিল ৭৪ রান। আর এই রান ৪.১ ওভারেই তুলে নেন ব্রেসওয়েল-সামাদ-জামালরা। মাত্র ১১ বল খেলে ৩৩ রান করে আউট হন আব্দুল সামাদ। এদিকে জয় নিয়েই মাঠ ছাড়েন ব্রেসওয়েল ও আমির জামাল। ১৭ বলে ৩৫ রানে ব্রেসওয়েল ও ৫ বলে ১৭ রানে আমির জামাল অপরাজিত থাকেন।

চার ওভার বল করে ৩৫ রান খরচ করেছেন রিশাদ হোসেন। উইকেট নিয়েছেন একটি। দলের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আমাদ বাট।

এসকে/টিকে

মন্তব্য করুন