© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউটিউবে আইডল মেসিকে দেখে শিখছেন নিকো!

শেয়ার করুন:
ইউটিউবে আইডল মেসিকে দেখে শিখছেন নিকো!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ২৮ মার্চ, ২০২৬
চলতি মৌসুমে ইতালির লিগ সিরি’আ’তে নিয়মিত ঝলক দেখাচ্ছেন। গোল-অ্যাসিস্ট কিংবা প্লে মেকিং- দলের জয়ে নিয়মিত অবদান রাখছেন নিকো পাজ। কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার আরও একবার নিজের জাত চিনিয়েছেন মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। আর্জেন্টিনার ২-১ গোলে জয় পাওয়া এই ম্যাচে দৃষ্টিনন্দন ফ্রি- কিকে গোল করে এখন আলোচনার কেন্দ্রে তিনি। নিজের আইডল লিওনেল মেসির সামনে এমন গোল করতে পেরে যারপরনাই খুশি নিকো।

মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে ১৭ মিনিটে এঞ্জো ফার্নান্দেসের গোলের পর ৩২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুন করেন নিকো।

প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে বক্সের কিনারা থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান ২১ বছর বয়সী উঠতি তারকা।

আকাশি-সাদা জার্সিতে এটি ছিল তাঁর প্রথম গোল। আর্জেন্টিনার ফ্রি-কিকের ‘রাজা’ মেসি বেঞ্চে থেকেই উপভোগ করছিলেন আলবিসেলেস্তার ভবিষ্যতকে।

ম্যাচ শেষে নিজের গোলটি আদর্শ মানা মেসিকে উৎসর্গ করে নিকো বলেন, ‘আমি আমার ফ্রি-কিক গোলটি মেসিকে উৎসর্গ করেছি, কারণ তিনি আমার আইডল।’



মাঠে নামার আগেই নাকি সবসময় ইউটিউবের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মেসির ভিডিও দেখেন নিকো। আর কিংবদন্তি থেকে শেখার ফল যে হাতেনাতেই পাচ্ছেন সেটা তো সবাই দেখছে। কোমোর এই তরুণ প্রতিভা বলেন, ‘আমি সবসময় তাঁর (মেসি) ভিডিও ইউটিউবে দেখার চেষ্টা করি যাতে যতটা সম্ভব কিছু শিখতে পারি। ম্যাচের আগে, আমি তাঁর ভিডিও দেখা শুরু করি দেখে যদি কিছু প্রভাব পড়ে আমার খেলায়।’

ছোটোবেলা থেকেই এমন গোল করার স্বপ্ন দেখছিলেন নিকো। তবে ফ্রি-কিকের জাদুকর মেসির সঙ্গে নিজের গোলের তুলনা করতে চান না তিনি, ‘গোল এমন কিছু যা কখনও ভুলে যাওয়া যায় না। আমি ছোটবেলা থেকেই এমন গোল করার স্বপ্ন দেখেছি এবং আজ সেটি বাস্তব হয়েছে। মেসির গোলের সঙ্গে তুলনা করা কঠিন, তবে আমি খুব খুশি যে গোল করতে পেরেছি।’

২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ধারে কোমোতে খেলা নিকো ৩৩ ম্যাচে ১১ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয়টি গোল।

দারুণ ছন্দে থাকা নিজেদের খেলোয়াড়কে ফিরিয়ে আনারও নাকি পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি আর্জেন্টাইন তারকাকে দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে দেখছে। অন্যদিকে তাঁর বর্তমান ক্লাব কোমোর স্পোর্টিং ডিরেক্টর কার্লাবের্তো লুদি জানিয়েছেন, ক্লাব চেষ্টা করছে নিকোকে আরও এক বছর রাখার জন্য রাজি করাতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের ফেরার চুক্তি আটকে দেওয়ার একমাত্র শর্ত হতে পারে যদি খেলোয়াড় নিজেই সিদ্ধান্ত পরিবর্তন করে। রিয়াল মাদ্রিদ আশা করছে এমন কিছু ঘটবে না, কারণ ধারণা করা হচ্ছে নিকো পাজ লস ব্লাঙ্কোসে ফিরে আসার স্বপ্ন দেখছেন।

এসকে/টিকে

মন্তব্য করুন