আইপিএলে যোগ না দেয়ার বিতর্কে অবশেষে মুখ খুললেন স্টার্ক
ছবি: সংগৃহীত
০৯:৩৭ এএম | ২৯ মার্চ, ২০২৬
আইপিএল ২০২৬- এ দেরিতে যোগ দেয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে অবশেষে মুখ খুললেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, কাঁধ ও কনুইয়ের চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। তার পাশাপাশি অজি পেসার এটাও বলেছেন, তার ফিটনেস নিয়ে ‘ভুল তথ্য’ ছড়িয়েছে ভারতের কিছু গণমাধ্যম যা বাস্তবতার সঙ্গে মেলে না।
ইনজুরির কারণে এবারের আইপিএলে বেশকিছু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দেরিতে যোগ দেবেন বলে জানিয়েছে। তাদের মধ্যে একজন মিচেল স্টার্ক। বর্তমানে কাঁধ ও কনুইয়ের ইনজুরিতে ভুগছেন তিনি। তবে তার ইনজুরি নিয়ে ভারতের গণমাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। এবার তার কড়া জবাব দিলেন স্টার্ক।
স্টার্কের অনুপস্থিতিতে পাওয়ারপ্লে বোলিং পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দিল্লি ক্যাপিটালস। বিদেশি তারকার অভাবে দলটি এখন দেশীয় পেসারদের ওপর বেশি নির্ভর করছে এবং স্টার্কের সুস্থতা পর্যবেক্ষণ করছে। ১১.৭৫ কোটি রুপিতে দলে ভেড়ানো এই তারকা নিয়মিত ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগাযোগ রাখছেন, তবে তার যোগ দেয়া নির্ভর করছে মেডিকেল ক্লিয়ারেন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এনওসি-র ওপর।
স্টার্কের মতোই দেরিতে আইপিএলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার আরও দুই পেসার কামিন্স ও হ্যাজেলউড। তাদের ক্ষেত্রেও ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া স্টার্কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পরও স্টার্ক কেনো আইপিএলে খেলতে দেরি করছেন, তা স্পষ্ট নয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আসন্ন টেস্ট সিরিজকে অগ্রাধিকার দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে স্টার্ক জানিয়েছেন ভারতের কিছু গণমাধ্যম ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, 'ভারতীয় গণমাধ্যম ও কিছু ব্যক্তির প্ল্যাটফর্মে দেওয়া নানা মতামত ও দৃষ্টিভঙ্গির পরও জানাতে চাই, এখন আমি কাঁধ এবং কনুইয়ের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। অস্ট্রেলিয়ান গ্রীষ্মের সময় এই চোটের মাত্রা সম্পর্কে জানতাম না। ওই ব্যক্তিরা আইপিএলে আমার অংশগ্রহণ নিয়ে কিছু কড়া মন্তব্য করেছেন এবং খেলোয়াড়দের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে সেগুলোকে সত্য হিসেবে প্রচার করেছেন; এমনকি তারা নাকি আমার শরীর সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন।'
এই বিতর্কে ব্যক্তিগত মাত্রাও যোগ হয়েছে, যখন স্টার্কের স্ত্রী ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালিসা হিলি সামাজিক মাধ্যমে স্বামীর পক্ষে অবস্থান নেন। তিনি স্পষ্ট করে জানান, স্টার্ক চোটে ভুগছেন এবং বর্তমানে বোলিং করার মতো অবস্থায় নেই। ভক্তদের একাংশের সমালোচনার জবাবে তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এসকে/ এসএন